সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবারের মতন একসঙ্গে একই নাটকে অভিনয় করছেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের দুই মেয়ে লেখা ও একা। এর আগে আলাদাভাবে বাবার লেখা একক কিংবা ধারাবাহিক নাটকে অভিনয় করলেও একসঙ্গে দু'বোনের অভিনয় এটিই প্রথম।
ধারাবাহিক এ নাটকের নাম ' খুঁজে বেড়াই তারে'। নাটকটির রচিয়তা ইমদাদুল হক মিলন আর নির্মাতা সাইফুল ইসলাম মানু।
ধারাবাহিকটির গল্পে এক ছেলে এক মেয়েকে খুব ভালবাসে। হঠাৎ করে মারা যায় মেয়েটি। এতে মানসিক ভারসাম্য হারিয়ে শহর ছেড়ে দূর গাঁয়ে চলে যায় ছেলেটি। সে গাঁয়ের এক মেয়েকে পূর্বের প্রেমিকা ভেবে ভালবাসতে শুরু করে। এভাবেই এগিয়েছে ধারাবাহিকটির কাহিনী।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন হুমায়ন ফরিদী, আবুল হায়াত, ডলি জহুর, মাসুম আজিজ, অর্পূব, নোভা , লেখা ও একা।
২৭ সেপ্টেবর থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে এটিএন বাংলায় নতুন এ ধারাবাহিকটি প্রচার শুরু হবে।
নাটকটি সম্পর্কে নাট্যকার ইমদাদুল হক মিলন জানান, "আমার অন্য নাটকগুলোর চেয়ে এ ধারাবাহিকটি একটু ভিন্ন মাত্রার। অনেকদিন পর এ নাটকে দর্শকেরা আলাদা ধরনের প্রেমের চিত্রায়ন দেখতে পাবেন। তাছাড়া প্রথমবারের মতন আমার দুই মেয়ে একসঙ্গে এ নাটকে অভিনয় করছে। এটিও আমার কাছে এ নাটকটির একটি উল্লেখযোগ্য দিক। নাটকে ওরা ভাল অভিনয় করেছে। ওদের অভিনয় দর্শকদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭২৭ ঘ
bdnews24