সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দ্বিতীয়বারের মতন আফজাল হোসেন পরিচালিত টেলিফিল্মে অভিনয় করলেন নায়িকা মৌসুমী। এর আগে আফজাল হোসেন পরিচালিত ' ছবির মতো মেয়ে' টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি।
ঈদের জন্য নির্মিত টেলিফিল্মটির নাম 'নায়িকা'। লিখেছেন সেলিম আল দীন আর পরিচালনা করেছেন আফজাল হোসেন।
টেলিফিল্মটির কাহিনী গড়ে ওঠেছে একজন বাউন্ডুলেকে কেন্দ্র করে। হঠাৎ করে পূর্ন্যদৈঘ্য ছবি নির্মানে আগ্রহী হয়ে ওঠা বাউন্ডুলে খুজঁতে বের হয় ছবির নায়িকা। খুজঁতে খুজঁতে গ্রামে গিয়ে পেয়ে যায় মৌসুমীকে। এভাবেই এগিয়েছে টেলিফিল্মটির গল্প।
টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছে শামীম, সোহেল খান, এ কে ফিরোজ, নার্গিস আক্তার সহ আরো অনেকে।
ধামরাইয়ের বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়েছে।
আফজাল হোসেনের প্রযোজনা সংস্থা টকিজের ব্যানারে নির্মিত হয়েছে টেলিফিল্মটি। আসন্ন ঈদে যে কোন চ্যানেলে টেলিফিল্মটি প্রচার করা হবে।
টেলিফিল্মটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেন, "অনেক দিন পর আফজাল হোসেনের সঙ্গে কাজ করলাম। তাছাড়া টেলিফিল্মটি লিখেছেন আমার শ্রদ্ধেয় একজন নাট্যকার সেলিম আল দীন। সঙ্গত কারনেই এখানে কাজ করা নিয়ে আর প্রশ্ন থাকে না। ভাল কাজ হয়েছে এটি। আমার আশা ঈদে টেলিফিল্মটি উপভোগ্য হবে দর্শকদের জন্য।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭১১ ঘ
bdnews24