০৮ সেপ্টেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের বক্স অফিসে 'আগ' না জ্বললেও হতাশ হচ্ছেন না রাম গোপাল ভার্মা। ইতিমধ্যে তিনি আবার নতুন ছবি তৈরির ঘোষনা দিয়েছেন। ছবির পাত্র পাত্রী হিসেবে তিনি বেছে নিয়েছেন একঝাঁক নতুন মূখ। এ বছর নভেম্বর নাগাদ ছবির কাজ শুরু হবে। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।
রামু এখন তার এই নতুন ছবির পরিকল্পনা নিয়ে ব্যস্ত। ছবির নাম ঠিক করা হয়েছে 'ধিয়ায়া'। এটি একটি অপ্রচলিত সংস্কৃত শব্দ যার ইংরেজি প্রতিশব্দ 'মিশন'।
'ধিয়ায়া'তে তুলে ধরা হবে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে রাজনীতির যোগসূত্র। এ ধরণের কাহিনী নিয়ে এর আগে তৈরি হয়েছে 'সত্য' এবং 'কোম্পানি'। তবে রামু জানান, তার নতুন ছবিটি হবে ভিন্ন ঘরানার।
রামু আরও জানান,"বড় বাজেটের এ ছবিতে গল্পের প্রয়োজনেই নতুন মুখ নিতে হয়েছে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/২৩১১ ঘ.
bdnews24