২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন প্রথম অস্কার বিজয়ী এশিয় অভিনেত্রী উমেকি

খুব নিরবে চলে গেলেন জাপানি অভিনেত্রী মিয়োশি উমেকি। 'সায়োনারা' চলচ্চিত্রের নায়িকা প্রথম এশিয় অস্কার বিজয়ী উমেকি ৭৮ বছর বয়সে ২৮ আগস্ট মারা যান মিসৌরির এক নার্সিং হোমে। তার ছেলে মাইকেল হুড মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 08:50 AM

Updated : 26 Aug 2022, 08:35 PM

সেপ্টেম্বর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- খুব নিরবে চলে গেলেন জাপানি অভিনেত্রী মিয়োশি উমেকি। 'সায়োনারা' চলচ্চিত্রের নায়িকা প্রথম এশিয় অস্কার বিজয়ী উমেকি ৭৮ বছর বয়সে ২৮ আগস্ট মারা যান মিসৌরির এক নার্সিং হোমে। তার ছেলে মাইকেল হুড মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। খবর মার্কিন ওয়েবসাইটের। ১৯৫৭ সালে এ মিশেনারের বিখ্যাত উপন্যাস 'সায়োনারা' অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করেন উমেকি। ছবিতে এক মার্কিন চাকুরেজীবীর বিপর্যস্ত স্ত্রীর ভূমিকায় দেখা যায় তাকে। ছবিতে যুদ্ধ পরবর্তী জাপানে এক স্থানীয় তরুনী মার্কিন চাকুরের প্রণয়াসক্ত হয়। পরে ওই মার্কিনির দেশে ফেরত যাওয়া অনিবার্য হয়ে ওঠে। প্রেমিকাকে ছেড়ে যেতে সে চায় না, আবার জাপানে থাকাও তার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায় তারা দুজনেই আত্মহত্যা করে। মার্কিন চাকুরের ভূমিকায় অভিনয় করেন রেড বাটনস। ওই বছরের অস্কার প্রতিযোগিতায় সবাইকে অবাক করে দিয়ে এই দুজনেই সহ অভিনেতার ক্যাটাগরিতে অস্কার লাভ করেন। অবাক হওয়ার কারণ, উমেকি তখনো পর্যন্ত মোটেই কোনো খ্যাতিমান অভিনেত্রী ছিলেন না। আর বাটনস এর পরিচিতি ছিল সামান্য টেলিভিশনের কৌতুকাভিনেতা হিসেবে। একই বছর 'দি ব্রিজ অন দি রিভার কাওয়াই' ছবিতে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছিলেন আরেক জাপানি তারকা সেসু হায়াকাওয়া। তবে পুরস্কৃত হন উমেকি। পুরস্কার পাওয়ার পর পরম বিষ্মিত উমেকি মঞ্চে উঠে দর্শকদের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন, " কেউ যদি আমাকে এখন সাহায্য করেন তো খুব ভালো হয়। আমি আসলে এই পুরস্কার প্রত্যাশা করিনি। ফলে এখন কী বলতে হবে সে সম্পর্কেও আমার কোন ধারনা নেই।" এরপর একটু থেমে তিনি বলেন, " হে আমেরিকাবাসী আমি আপনাদের, আপনাদের এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।" পরে মার্কিন অনেক চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজে উমেকি অভিনয় করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'ক্রাই ফর হ্যাপি', 'দি হরাইজন্টাল লেফটেনান্ট', 'এ গার্ল নেইমড তামিকো' ইত্যাদি। ১৯২৯ সালে জাপানের ওতারুতে জন্মগ্রহণ করেছিলেন উমেকি। জাপানি টেলিভিশনে গান গেয়ে তার ক্যারিয়ার শুরু করেন। গত শতকের পঞ্চাশের দশকের শেষভাগে তিনি আমেরিকা পাড়ি জমান। ১৯৭০ এর দশকে তিনি তারকা জগত থেকে অবসর নেন এবং মিসৌরির লিকিংএ বসবাস শুরু করেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৩৬ ঘ