সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের বিশিষ্ট অভিনেত্রী নন্দিতা দাস তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে চলেছেন। 'ফায়ার', 'আথর্' এর এই নায়িকা ছবি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। যে ছবিটি তিনি পরিচালনা করবেন তার নাম না জানালেও বলেছেন যে, এর কাহিনী আবর্তিত হবে বিষয় পারিবারিক বন্ধন ও মানবিক সম্পর্ককে কেন্দ্র করে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
পরিচালনার কাজে নেমে রীতিমতো রোমাঞ্চিত দাস। বলেছেন, " আমি সব সময়ই ছবি পরিচালনার কথা ভেবে এসেছি। দর্শকরা আমার চোখ দিয়ে ছবি দেখছে, এই বিষয়টি আমাকে সব সময়ই আকর্ষণ করেছে। শুধু অভিনেত্রী হিসেবে এটা করা সম্ভব নয়। "
জানা গেছে, তার ছবিতে নাসিরুদ্দিন শাহ ও পরেশ রাওয়ালকে নিতে খুবই আগ্রহী নন্দিতা। এ ব্যাপারে নন্দিতা নিজে কিছু না জানালেও পরেশ জানিয়েছেন, তিনি নন্দিতার ছবিতে কাজ করবেন। পরেশ মন্তব্য করেছেন যে নন্দিতার মধ্যে পরিচালনার যে আগ্রহ দেখা গেছে তাতে মনে হয় তার সঙ্গে কাজ করাটা ভাল একটা অভিজ্ঞতা হবে।
নন্দিতা বর্তমানে তার ছবির লোকেশন খুঁজে বেড়াচ্ছেন। আশা করা হচ্ছে ডিসেম্বরে তিনি ছবির চিত্রায়নের কাজ শুরু করবেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩৩০ ঘ
bdnews24