আগস্ট ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- একবছর বিরতির পর আবারও অডিও অ্যালবাম নিয়ে আসছেন শ্রোতাপ্রিয় গায়ক আকবর। এটি গায়ক আকবরের ষষ্ঠ একক অ্যালবাম। অ্যালবামে থাকবে মোট ১০টি গান। মেলোডি, ফোক ও আধুনিক ধারার গান দিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে।
গানের কথা লিখেছেন কবির বকুল, প্রদীপ সাহা, রেজা শানু ও নিশীথ সূর্য। সুরকার রাজেশের একক সুরারোপে নির্মিত হচ্ছে অ্যালবামটি।
আকবরের নতুন এ অ্যালবামের রেকর্ডিং চলছে। আগামী ঈদে অ্যালবামটি এটিএন মিউজিকের ব্যানারে বাজারে আসবে।
আকবর মন্তব্য করেন, "খুব ভালো গান হচ্ছে এই অ্যালবামে। আমার বিশ্বাস, গানগুলো শ্রোতাদের হৃদয় কাড়বে।"
এর আগে আকবরের যে অ্যালবামগুলি বের হয়েছে তার মধ্যে রয়েছে 'একদিন পাখি উড়ে', 'হাতপাখার বাতাসে', 'হঠাৎ দেখা', 'বেদনার মেঘ', 'ইচ্ছে করে'।
অডিও অ্যালবামের পাশাপাশি স্টেজ শো নিয়েও এই মুহূর্তে আকবর ব্যস্ত। শিগগিরই তিনি অস্ট্রেলিয়া ও লন্ডনে শো করতে যাবেন বলে জানান তিনি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭৪২ ঘ
bdnews24