আগস্ট ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- গত ৫৯ বছর ধরে ভারতের স্বাধীনতা দিবসে ভারতের আগ্রার রেড ফোর্টে সানাই বাজিয়ে দেশপ্রেমিক ভারতীয়দের আনন্দ দিয়েছেন বিসমিল্লাহ খাঁ। গত বছর বরেণ্য শিল্পীর প্রয়াণে এই ধারাবাহিক আয়োজনের সমাপ্তি ঘটলেও ওই সুর মূর্চ্ছনাকে একেবারে হারিয়ে যেতে দেবেন না সোমা ঘোষ, এমনটাই তার প্রতিজ্ঞা। খাঁ সাহেবের এই পালিতা কন্যা বাবার স্মৃতিকে ধরে রাখতে এবারো লাল দূর্গে আয়োজন করেছেন সানাই বাদনের। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সোমা ঘোষ ইতিমধ্যেই বিসমিল্লাহ খাঁকে নিয়ে একটা প্রামাণ্যচিত্র নির্মান করেছেন। তার স্বামী জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার শঙ্কর ঘোষ ওই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেছেন। ২১ আগস্ট বিসমিল্লাহ খানের মৃত্যুবার্ষিকীতে বারাণসীতে ছবিটি প্রদর্শিত হবে। এরপর ১৯ সেপ্টেম্বর মুম্বাইয়ের নেহেরু সেন্টারেও দেখানো হবে ছবিটি। ইতিমধ্যে দিল্লিতে ছবিটির একটি প্রদর্শনী হয়ে গেছে।
বারাণসীতে বাস করতেন বিসমিল্লাহ খাঁ। সেখানেই তাকে সমাধিস্থ করা হয়।
সোমা বলেছেন, "আমরা প্রথমে ছবিটি দিল্লিতে প্রদর্শন করেছি। কারন, পন্ডিতজী দিল্লির ইন্ডিয়া গেটের কাছে সানাই বাজাতে চেয়েছিলেন। কিন্তু তার সে ইচ্ছা পূরণের আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাকে।"
ভারতের নব নির্বাচিত রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ঘোষকে কথা দিয়েছেন যে মুম্বাইয়ে প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের সময় তিনি সেখানে উপস্থিত হবেন। তবে কিছু আনুষ্ঠানিকতার কারণে সেখানে রাষ্ট্রপতির যাওয়াটা পুরোপুরি নিশ্চিত নয়।
ওই চলচ্চিত্রের অন্যতম আকর্ষণীয় বিষয় হলো খাঁ সাহেবের গাওয়া একটি গান। মৃত্যুর ২ ঘন্টা আগে তিনি গানটি গেয়েছিলেন। সোমা জানান, " তিনি গেয়েছিলেন 'আজাদি মানাও ঝুম কে...."।
ছবির শেষে ডক্টর বালমুরালী, গিরিজা দেবী, পারভীন সুলতানা, দিলশাদ খান এর মতো শিল্পীদের সঙ্গীত থাকবে। এবং থাকবে সোমার সঙ্গে বিসমিল্লার গাওয়া প্রিয় ভজন 'রঘুপতি রাঘব'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৫৬ ঘ
bdnews24