২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের পাশে শোবিজ তারকারা

দেশের চলমান বন্যায় দুর্গতদের সাহায্যে সক্রিয় হচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা। একক ও সম্মিলিত প্রচেষ্ঠায় তারকারা বাড়িয়ে দিচ্ছেন বন্যার্তদের জন্য সাহায্যের হাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 02:52 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

আগস্ট ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দেশের চলমান বন্যায় দুর্গতদের সাহায্যে সক্রিয় হচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা। একক ও সম্মিলিত প্রচেষ্ঠায় তারকারা বাড়িয়ে দিচ্ছেন বন্যার্তদের জন্য সাহায্যের হাত। জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বুধবার সকাল ১০টায় বন্যার্তদের সাহায্যার্থে নিজ জেলা মানিকগঞ্জে গিয়েছেন। এ প্রসঙ্গে মমতাজ বলেন, "সারাদেশের মতো বন্যায় আমার নিজ জেলা মানিকগঞ্জও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। মূলত বন্যার্তদের সাহায্যের লক্ষ্য নিয়ে আমি গ্রামে যাচ্ছি। প্রথমে আমার নিজ গ্রাম সিঙ্গাইরে যাবো। সেখানে আমার আত্মীয়স্বজন ও গ্রামের গরিব লোকজনের মধ্যে সাধ্যমতো নগদ অর্থ ও জামা-কাপড় দিতে চেষ্টা করবো। ইচ্ছা আছে, মানিকগঞ্জের অন্যান্য থানায় গিয়েও সাধ্যমতো সাহায্য করার।" এদিকে মঙ্গলবার রাতেই বন্যার্তদের সাহায্য করার জন্য নিজ গ্রাম সিরাজগঞ্জে গিয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সিরাজগঞ্জ সদর ও আশপাশের দু'তিনটি থানায় বন্যার্তদের মধ্যে ১২ শত কাপড় ও খাবার দাবার বিতরণ করে ফিরে এসেছেন তিনি। জাহিদ জানালেন, "শুটিংয়ের কাজের তাড়া না থাকলে আরো দুয়েকটা দিন বন্যার্তদের মাঝে থাকতাম। শুটিং শেষ হলে আবারো যাওয়ার চেষ্টা করবো।" জাহিদ হাসান বললেন, "বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে সিরাজগঞ্জ। এলাকার মানুষের এই বিপদে পাশে দাঁড়ানো খুব জরুরি।" এদিকে অভিনেতা মীর সাব্বির জাহিদ হাসানকে নিয়ে বন্যাদুর্গতদের সাহায্যার্থে একটি অর্থ তহবিল গঠনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে মীর সাব্বির বললেন, আমরা পরিকল্পনা নিয়েছি প্রত্যেক শিল্পীর একদিনের পারিশ্রমিক একত্রিত করে ওই অর্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে গঠিত ত্রাণ তহবিলে জমা দেবো। এই পরিকল্পনা নিয়ে অভিনেতা জয়, দিনার, জিতু আহসান, ক্যামেরাম্যান আনোয়ার হোসেন বুলু, রায়হানসহ অনেকের সঙ্গে আলাপ করেছেন তিনি ও আরো কয়েকজন শিল্পী। তারা প্রত্যেকেই তাদের একদিনের আয় বন্যার্তদের সাহায্যার্থে ত্রাণ তহবিলে দিতে রাজি হয়েছেন। চেষ্টা চলছে অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীকেও এ প্রক্রিয়ায় যুক্ত করার। ইতিমধ্যে দেশসেরা সঙ্গীত তারকারাও বনার্তদের পাশে দাড়াঁবার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশের জনপ্রিয় সঙ্গীত তারকা ও ব্যান্ডদলগুলো বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে আগামী ১৭ ও ১৮ আগস্ট ফ্যান্টাসি কিংডমে বাংলা লিংক আয়োজিত 'দেশ মিউজিক ফেস্টিভ্যাল' এ অংশ নেবে। এ আয়োজনের অংশগ্রহনকারী ব্যান্ডগুলো হলো এলআরবি, মাইলস, ওয়ারফেজ, সোলস, ফিডব্যাক, মাকসুদ ও ঢাকা, অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, দলছুট, দি ট্র্যাপ, মেটাল মেজ, রাগা, শিরোনামহীন, নেমেসিস, পেন্টাগন, লালন। আলাদাভাবে ব্যান্ডশিল্পীদের মধ্যে আছেন জেমস, ফুয়াদ, আহসান, অর্নব, হায়দার হোসেন, মিলন মাহমুদ, রোমা, মিনা, কানিজ, মেহরীনসহ অনেকে। দেশের প্রধান সঙ্গীত প্রযোজনা সংস্থাগুলোও অংশ নিচ্ছে এই আয়োজনে । এই ফেস্টিভ্যাল থেকে উপার্জিত অর্থ প্রধান উপদেষ্টার বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে গঠিত ত্রাণ তহবিলে জমা দেয়া হবে। এ ব্যাপারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ূব বাচ্চু বলেন, "যে কোন শিল্পীর বড় সম্পদ মানুষের ভালবাসা। এ ভালবাসার প্রতিদান দেয়া সম্ভব নয় কিছুতেই। তবু শিল্পীদের উচিত যার যার জায়গায় দাড়িয়ে মানুষের জন্য কিছু করা।" বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও বন্যার্তদের পাশে দাঁড়াবার সিদ্ধান্ত নিয়েছে। সমিতির সভাপতি মিজু আহমেদ জানিয়েছেন, সহসাই সমিতির নির্বাহী পরিষদের সভায় করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি বলেন, দেশ এখন ভয়াবহ বন্যাকবলিত। কোটি কোটি মানুষ বন্যার কারনে ক্ষতিগ্রস্ত। শিল্পী হিসেবে, মানুষ হিসেবে আমাদের কিছু করার আছে বলে আমরা মনে করি। মিজু আহমেদ জানান, ঢাকা স্টেডিয়ামে চ্যারিটি ফুটবল অথবা ক্রিকেট খেলা অথবা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবার চেষ্টা করবে চলচ্চিত্র শিল্পী সমিতি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০৪৫ ঘ