মুম্বাই, আগস্ট ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- বলিউডের গ্ল্যামার জগতে রূপালী পর্দার তারকা সঞ্জয় দত্ত এখন জেলের কঠোর বাস্তবতার মুখোমুখি। তার সামনে অপেক্ষা করছে দৈনিক এক ডলারের দিনমজুরগিরি। শিগগিরিই তাকে এ বাস্তবতা মেনে নিয়ে নামতে হবে রান্নাবান্না, ছুতোর মিস্ত্রিগিরি কিংবা কৃষিকাজে।
মুম্বাই বোমা হামলায় জড়িতদের কাছ থেকে অবৈধভাবে অস্ত্র কেনার অভিযোগে সঞ্জয় দত্তের ৬ বছর কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার মুম্বাইয়ের একটি আদালত এ রায় দেয়। এই সাজা অত্যন্ত কঠোর হওয়ায় তাকে পরিশ্রম করতে হবে। করতে হবে রান্নাবান্না, হাতের কাজ সহ নানা রকম কঠিন পরিশ্রম।
বলিউড তারকা হিসাবে কোনো আলাদা সম্মান বা খাতির সঞ্জয় পাবেন না। জেলের অন্য সব বন্দিদের মতোই তার সঙ্গে একই আচরণ করা হবে। আর ভারতের জেলগুলোতে তিল ধারনের জায়গা নেই। এখানকার জেলখানাগুলোতে বন্দিদের সংখ্যা ধারণক্ষমতার চেয়ে ৫ গুণ বেশি। সঞ্জয়কে যে কযেদখানায় রাখা হচ্ছে সেটির বন্দি ধারণক্ষমতা ৮০০। অথচ সেখানে আছে প্রায় ৩ হাজার বন্দি।
জেলের কয়েকটি সূত্র জানায়, সঞ্জয়কে জেলখানার বন্দিদের সাদা চেকের ইউনিফর্ম দেওয়া হবে। বলিউডের সবচে দামী এই তারকাকে এখন খেতে হবে জেলে বন্দিদের নিজ হাতে তৈরি খাবার। সাধারনত জেলে বন্দিদের সাদা ভাত অথবা সবজির সঙ্গে রুটি খেতে দেওয়া হয়। আর সপ্তাহান্তের মেন্যুতে থাকে মুরগী কিংবা ডিম।
জেলের এক একটি সেলে সাধারনত ৩ জন করে বন্দি থাকে। সেখানে লাইট থাকলেও থাকে না কোনো ফ্যান। ৮ টার সময় সব লাইট নিভিয়ে দেওয়া হয়। বাথরুম আর টয়লেট থাকে কমন। জেলের কর্মকর্তারা জোর দিয়েই বলেছেন, সঞ্জয়কে তারকা হিসাবে কোনো আলাদা খাতির করা হবে না।
উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাইয়ে ভয়াবহ বোমা হামলায় ২৫৭ জন নিহত হয়। সঞ্জয় দত্তকে হামলার ষড়যন্ত্রের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে অবৈধভাবে একটি রাইফেল ও একটি পিস্তল কেনার অভিযোগ প্রমাণিত হয়।
বিচারক প্রমোদ কোড়ে তার রায়ে বলেন, " যে অপরাধে ৫ থেকে ১০ বছর সাজা হয় সেটা কোনভাবে ছোটখাটো অপরাধ বা কম ভয়ঙ্কর অপরাধ হতে পারে না।" এই মামলায় ১০০ জনকে অভিযুক্ত করা হয়। সঞ্জয় দত্তসহ এ পর্যন্ত ৯৭ জনের বিচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যুদণ্ড এবং ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সঞ্জয় দত্তের আইনজীবী আদালতকে বলেন, জামিনে থাকাকালে তার মক্কেল ভাল আচরণ করেছে। ফলে তাকে মুক্তি দেওয়া যেতে পারে। কিন্তু আদালত তার আবেদন নাকচ করে দেয়।
সঞ্জয় দত্ত ভারতের কিংবন্তি তারকাজুটি সুনীল দত্ত ও নার্গিসের ছেলে। ১৯৯৫ সালে জামিনে মুক্তি পাওয়ার আগে মামলার প্রাথমিক তদন্তের সময় তিনি একবছর জেলহাজতে ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৩ ঘ.
bdnews24