জুলাই ৩১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তকে ৬ বছর কারাবাসের শাস্তি দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত। অবৈধ অস্ত্র রাখার দায়ে তার এই শাস্তি ঘোষণা করেন বিচারক প্রমোদ কোড়ে। একই সঙ্গে তার ২৫ হাজার রুপি জরিমানাও ধার্য করা হয়। ১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলার সঙ্গে জড়িত অপরাধীদের কাছ থেকে তিনি ওই কালাশনিকভ অস্ত্রটি পান। ভারতের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ওই বোমা হামলায় ২৫৭ জন প্রাণ হারায়। আহত হয় ৭ শতাধিক লোক। রয়টার্সসহ বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে এ খবর।
৪৮ বছর বয়স্ক সঞ্জয় দত্ত ওই বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থেকে অব্যহতি পেয়েছিলেন। কিন্তু অবৈধভাবে একটি স্বয়ংক্রিয় কালাশনিকভ রাইফেল ও একটি পয়েন্ট নাইন মিলিমিটার পিস্তল রাখার দায় তিনি এড়াতে পারলেন না।
সঞ্জয় পক্ষে তার আইনজীবী জামিনে থাকাকালে তার সদাচরণের উল্লেখ করে মুক্তির আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। আদালত থেকে সরাসরি হাজতে নিয়ে যাওয়া হয় তাকে।
দত্তের আইনজীবী জানিয়েছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তারা আপিল করবেন।
সঞ্জয় দত্তের এই শাস্তি ঘোষণায় মুষড়ে পরেছে তার বলিউডের সতীর্থ, ভক্ত ও বিশেষ করে প্রযোজকরা।
সঞ্জয়ের প্রবেশনের আবেদন নাকচ করে দিলেও আদালত একই মামলার আসামী সঞ্জয়ের বন্ধু রুশি মুল্লাকে প্রবেশন অফ অফেন্ডারস অ্যাক্ট এর আওতায় ১ লাখ রুপি জামানত রেখে ছেড়ে দেন। তাকে ১ বছর পর্যবেক্ষনে রাখা হবে। এই ১ বছর তিনি মুম্বাই ছেড়ে যেতে পারবেন না।
বিশেষ টাডা কোর্ট এই মামলার রায় ঘোষণা করে। এই রায় ঘোষণার মধ্য দিয়ে প্রায় এক দশকব্যাপী চলতে থাকা মামলার অবসান হলো।
এই মামলায় যে ১ শত জন দোষী সাব্যস্ত হয় তাদের মধ্যে সঞ্জয়সহ ৯৮ জনের ব্যাপারে ইতিমধ্যে আদালত রায় ঘোষণা করেছে। ১২ জনের মৃত্যুদন্ড, ২০ জনের যাবজ্জীবন, বাকীদের ৩ থেকে ১৪ বছরের জেল হয়েছে।
মামলার রায় যখন ঘোষণা করা হয় তখন সঞ্জয়ের চোখ ছিল অশ্র"সিক্ত। এরপর সঞ্জয় ইউসুফ ও কেরসি আদজানিয়ার সঙ্গে আলাপ করতে থাকেন।
সঞ্জয় দত্তের রায় ঘোষণার পর বিচারক বলেন যে সঞ্জয় বেশ কিছু শাস্তিযোগ্য অপরাধ করেছেন এবং তিনি এই অপরাধ করেন প্রাপ্তবয়স্ক অবস্থায়।
বিচারক প্রমোদ কোড়ে বলেন, " যে অপরাধে ৫ থেকে ১০ বছর সাজা হয় সেটা কোনভাবে ছোটখাটো অপরাধ বা কম ভয়ঙ্কর অপরাধ হতে পারে না।"
বিচারক আরো বলেন, দত্ত নিজেই শুধু অপরাধ করেননি ইউসুফ নালওয়ালাসহ তিনজনকে অপরাধ করতে উদ্ধুদ্ধও করেন তিনি। মুম্বাই বোমা হামলার অন্যতম আসামী দাউদ ইব্রাহিমের সঙ্গে এক পার্টিতেও যোগ দিয়েছিলেন দত্ত।
যে অস্ত্র মামলায় তার সাজা হলো তাতে দোষী সাব্যস্ত হলে ৫ বছর থেকে ১০ বছরের কারাবাসের বিধান রয়েছে। এর আগে মুম্বাই হামলার অভিযোগে আনীত মামলায় ১৬ মাসের হাজতবাস করেছেন সঞ্জয়। এরপর জামিনে মুক্তি পান তিনি।
গত বছর নভেম্বরে ওই মুম্বাই হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ থেকে রেহাই পেলেও অস্ত্র আইনের মামলায় দোষী সাব্যস্ত হন দত্ত।
মঙ্গলবার রায় ঘোষণার পর বিচারক বলেন, " দত্ত একজন ভাল অভিনেতা ও সেলিব্রিটি। কিন্তু এই পরিচয় তাকে অবৈধ কাজ করার অনুমতি দেয় না।"
রায়ের খবর শুনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেত্রী কিরন খের বলেন, 'আমি মর্মাহত"। তিনি বলেন, " দত্ত ১৪ বছর ওই কাজের জন্য অনেক যন্ত্রণা ভোগ করেছে। তার আচার আচরণও ছিল চমৎকার।"
পরিচালক মহেশ ভাটও রায়ের ব্যপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "রায় যে সুষ্ঠ হয়নি সেটা আমি বলতে পারবো না...কিন্তু ৬ বছর একটু বেশি হয়ে গেলো।"
সঞ্জয়ের পক্ষে দাখিল করা দিলীপ কুমারের আবেদনের উল্লেখ করে বিচারকে কোড়ে বলেন, "অপরাধী দোষী সাব্যস্ত হলে এসব জিনিস কোন কাজে লাগে না।"
আত্মরক্ষার জন্য সঞ্জয় ওই অস্ত্র রেখেছিলেন বলে যে যুক্তি দেখানো হয় তাও খারিজ করে দেন আদালত। কোড়ে বলে, "আমি বলবো প্রতিটি নাগরিকের দেশের আইনের প্রতি সম্মান দেখানো উচিত। কেউ যদি তা না করে তাহলে তাকে আমি নীতিবান মানুষ বলবো না।"
দত্তের অবৈধ অস্ত্র রাখাকে 'গুরুতর বিপদজনক কাজ' বলে অভিহিত করে তিনি বলেন, ওই অস্ত্র রাখা ছাড়াও দত্ত আনিস ইব্রাহিমের ঘনিষ্ট ছিলেন এবং দুবাইয়ে দাউদ ইব্রাহিমের এক পার্টিতে অংশ নেন।
দত্ত ও তার বন্ধুদের অপরাধকে শুধু সমাজবিরোধী নয়, "ভয়ংকর, অমানবিক, নীতিবিবর্জিত ও পূর্বপরিকল্পিত" বলে উল্লেখ করেন বিচারক কোড়ে।
বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষিতে হিন্দু মুসলিম দাঙ্গার জবাব দিতে মুম্বাইয়ে ওই বোমা হামলা চালানো হয়। বোম্বে স্টক এক্সচেঞ্জ ও এয়ার ইন্ডিয়া ওই হামলার লক্ষ্য ছিল। ওই দাঙ্গার সময় আত্মরক্ষার উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ করেছিলেন বলে সঞ্জয় উল্লেখ করেন। ওই হামলার মূল পরিকল্পনাকারী দাউদ ইব্রাহিম ও টাইগার মেমনকে এখনো পুলিশ ধরতে পারেনি। হামলার পিছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার মদদ আছে বলে অভিযোগ করলেও পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে এসেছে।
বলিউডের শীর্ষ তারকাদের অন্যতম সঞ্জয় দত্ত ওই হামলার ১ মাস পরেই গ্রেফতার হয়েছিলেন।
১৯৮১ সালে রকি ছবি দিয়ে ২২ বছর বয়সে চলচ্চিত্রে পা রাখেন বিখ্যাত অভিনেতা দম্পতি সুনীল দত্ত ও নার্গিসের এই সন্তান। ছবিটির পরিচালক ছিলেন সুনীল দত্ত। একই বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে নার্গিস মারা যান।
ধীরে ধীরে বলিউডে জায়গা করে নেন সঞ্জয়। বিশেষ অ্যান্টিহিরোর চরিত্রে তিনি দর্শকপ্রিয় হয়ে ওঠেন। তার অন্যতম জনপ্রিয় একটি ছবির নাম 'খলনায়ক'।
বিগত কয়েক বছর ধরে গ্যাংস্টার ও কমিক রোলে চমৎকার সাফল্য দেখান তিনি। বিশেষ করে তার মুন্নাভাই সিরিজের ছবিগুলি ব্যপক বানিজ্যিক সাফল্য লাভ করে।
তার কারবাসের ফলে অনেক প্রযোজক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশংকা করা হচ্ছে। ভারতের আনন্দবাজার জানিয়েছে, তার পিছনে বিভিন্ন প্রযোজক প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন।
সঞ্জয় দত্তের রায় ঘোষণার কালপঞ্জী
এপ্রিল ১৯, ১৯৯৩ : মরিশাস থেকে দেশে ফেরার পর বিমান বন্দর থেকে মুম্বাই গোয়েন্দা পুলিশ সঞ্জয় দত্তকে গ্রেফতার করে। একই দিনে একে ফিফটি সিক্স রাইফেল ও ৯ মিলিমিটার পিস্তল এবং গোলাবারুদ রাখার দাযে তাকে ফের গ্রেফতার করা হয়।
এপ্রিল ২৮, ১৯৯৩ : সঞ্জয় পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে।
মে ৫ ১৯৯৩ : বোম্বে হাই কোর্ট তার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে।
নভেম্বর ৪, ১৯৯৩ : সঞ্জয়ের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
জুলাই ৪, ১৯৯৪ : আদালত তার জামিন না মঞ্জুর করে, তাকে ফের গ্রেফতার করা হয়।
নভেম্বর ২০, ১৯৯৪ : আগের দেওয়া স্বীকোরুক্তি অস্বীকার করেন সঞ্জয়।
জুলাই ২২, ১৯৯৫ : মডেল বান্ধবী রিয়া পিল্লাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দেন আদালত। জামিনে ছাড়া পান তিনি। রিয়া তখন অসুস্থ ছিলেন। সঞ্জয় পরে তাকে বিয়ে করেন।
সেপ্টেম্বর, ১৯৯৫ : আদালত সঞ্জয়ের জামিন না- মঞ্জুর করে।
অক্টোবর ১৬, ১৯৯৫ : আদালত থেকে প্রধান বিচারপতির কাছে লেখা চিঠির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করে।
অক্টোবর ১৮, ১৯৯৫ : ১৫ মাস পরে আদালত থেকে ছাড়া পান সঞ্জয়।
নভেম্বর ২৮, ২০০৬ : ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার ষড়যন্ত্রকারী হিসেবে দায়ের করা অভিযোগ থেকে অব্যহতি পান সঞ্জয়। কিন্তু অবৈধ অস্ত্র রাখার দায় থেকে রেহাই পান না। ১৯ ডিসেম্বরের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয় আদালত।
ডিসেম্বর ১৮, ২০০৬ : প্রবেশন অফ অফেন্ডারস অ্যাক্টের আওতায় সাজা থেকে অব্যহতি চান।
ডিসেম্বর ১৯, ২০০৬ : ২১ ডিসেম্বরের মধ্যে আদালত তাকে আত্মসমপর্ণের নির্দেশ দেয়।
ডিসেম্বর ২১, ২০০৬ : আত্মসমর্পণের সময় বাড়ানো হয় ১৮ জানুয়ারি পর্যন্ত।
১৮ জানুয়ারি, ২০০৬ : আদালত সঞ্জয়ের বক্তব্য শোনেন।
৩১ জুলাই, ২০০৭ : সঞ্জয়কে ৬ বছরের কারাবাস ও ২৫ হাজার রুপি জরিমানা দন্ড দেন আদালত।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২১০৬ ঘ
bdnews24