২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু সাইয়ীদের 'বাঁশি' তৈরি শেষ

আবু সাইয়ীদের নতুন ও পঞ্চম ছবি 'বাঁশি'র নির্মান কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। 'বাঁশি'র কাহিনী আবর্তিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও সংস্কৃতিকে ঘিরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

জুলাই ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আবু সাইয়ীদের নতুন ও পঞ্চম ছবি 'বাঁশি'র নির্মান কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে। 'বাঁশি'র কাহিনী আবর্তিত হয়েছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ও সংস্কৃতিকে ঘিরে। ছবির নায়ক আরিফ, যার স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ, রাজধানী ঢাকা থেকে দূরবর্তী গ্রামে মেলা দেখতে যায়। পথিমধ্যে তার সঙ্গে পরিচয় হয় শায়লার। একই গ্রামের দুই প্রভাবশালী পরিবার, ভূঁইয়া ও খাঁ পরিবার। শায়লা খাঁ বাড়ির অতিথি আর আরিফ ভূঁইয়া বাড়ির অতিথি। তারা দু'জন অপূর্ব গ্রামের দৃশ্য ও সংস্কৃতিতে অভিভূত হয়। কিন্তু এক পর্যায়ে খাঁ ও ভূঁইয়া পরিবারের মধ্যে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হলে দু'জনেই অস্বস্তিতে পড়ে। সেই ঝগড়া এক সময় চরম আকার ধারণ করে। স্বপ্ন ও বাস্তবতা নিয়ে আরিফের মনে নানারকম দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই বাস্তবতা আরিফকে খুব হতাশ করে। কিন্তু হতাশার মধ্যেও আরিফ খুঁজে পায় নতুন এক দৃশ্যের, যে দৃশ্য সে কল্পনায় দেখেছে তার ছবির জন্য। ফেব্র"য়ারি মাসে বগুড়া জেলার ধুনট থানার ভাণ্ডারবাড়ি গ্রামে এ ছবির চিত্রগ্রহণের কাজ সম্পন্ন হয়। এ ছবিতে আরিফ চরিত্রে মামুনুল হক, শায়লা চরিত্রে তানভীন সুইটি, বাঁশিওয়ালা চরিত্রে জয়ন্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন। জালাল খাঁ ও নিজামউদ্দিন ভূঁইয়া চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আমিরুল হক চৌধুরী এবং কে এস ফিরোজ। অন্যান্য চরিত্রে আছেন আফরোজা বানু, সায়কা আহমেদ, আমিন আজাদ, খলিলুর রহমান কাদেরী প্রমুখ। ছবির কাহিনী, চিত্রনাট্য লিখেছেন পরিচালক আবু সাইয়ীদ নিজেই। ছবির চিত্রগ্রহণ করেছেন মুজিবল হক ভূঁইয়া, সম্পাদনায় জুনায়েদ হালিম, সংগীতে এসআই টুটুল ও শিল্প নির্দেশনায় আছেন শহীদ আহমেদ মিঠু। ছবিটি প্রযোজনা করেছে আঙ্গিক কমিউনিকেশনস। 'বাঁশি' আবু সাইয়ীদ পরিচালিত ৪র্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ইতিপূর্বে আবু সাইয়ীদ 'কিত্তনখোলা', 'শঙ্খনাদ', 'নিরন্তর' নামে তিনটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এবং এইসব ছবির জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯২২ ঘ