জুলাই ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ছবিয়ালের নাটক মানেই নতুন কিছু। কাহিনী বা নির্মিতিতে সবসময়ই নতুন কিছু করার চেষ্টা থাকে এই প্রযোজনা সংস্থার নির্মাতাদের। এবারও তারা নতুন একটা চমক নিয়ে আসছেন। ছবিয়ালের উদ্যোগে কবি টোকন ঠাকুর, মারজুক রাসেল, রাজু আলীম আর প্রখ্যাত প্রচ্ছদশিল্পী ধ্রব এষের সমন্বিত প্রচেষ্টায় নির্মিত হচ্ছে তাদের নাটক 'টিকটিকি'।
নাটকটি লিখেছেন শিল্পী ধ্রব এষ। পরিচালনা করছেন কবি টোকন ঠাকুর। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল ও রাজু আলীম। তাদের দু'জনের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী তিন্নি।
নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রিফাত চৌধুরী, কচি খন্দকার, নাজিয়া আন্দালিব প্রিমা, ইমরান, নোভাসহ আরো অনেকে।
নাটকের কাহিনী আবর্তিত হয়েছে শাহবাগের বইপাড়া ও চারুকলাকে ঘিরে আড্ডারত তরুন তরুনীর প্রেম ভালবাসাকে কেন্দ্র করে।
শাহবাগ আজিজ সুপার মার্কেট, চারুকলার ভেতর, তিন্নির উত্তরার বাসাসহ বিভিন্ন লোকেশনে এরই মধ্যে নাটকটির বেশ কিছু অংশের শুটিং হয়েছে।
দু'একদিনের মধ্যে এ নাটকের বাকি অংশের শুটিং শুরু হবে।
নাটকটি প্রসঙ্গে টোকন ঠাকুর বলেন, " নাটকের উল্লেখযোগ্য দিক হচ্ছে , এর সঙ্গে জড়িত আছি আমরা তিন কবি ও এক প্রচ্ছদ শিল্পী। ধ্রুব খুব ভাল লিখেছেন নাটকটি। আমি নিশ্চিত, নাটকটি সকলের ভাল লাগবে। "
আগামী ঈদে এটি যে কোন চ্যানেলে প্রচার হবে এ নাটক, জানালেন ছবিয়ালের এক মুখপাত্র।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১৮৫১ ঘ
bdnews24