জুলাই ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মিনিপর্দার তারকাদের শিডিউল সমস্যা নিয়ে জেরবার হচ্ছেন পরিচালক প্রযোজকরা। এতো এতো চ্যানেল, তার জন্য এতো এতো নাটক আর ধারাবাহিক, তারকারা দম ফেলার ফুরসৎ পাচ্ছেন না, নতুন নাটকের জন্য শিডিউল দেবেন কীভাবে। সুতরাং প্রযোজক ইরফান উল্লাহ এবার বিকল্প পন্থা খুঁজছেন। দৃক এর ব্যানারে নির্মিত 'শহরতলীর আলো' নাটকের জন্য নতুন নায়কের খোঁজ করছেন তিনি। ইতিমধ্যে প্রায় শ' খানেক লোকের ছবিসহ জীবনবৃত্তান্ত জমা পরেছে তার কাছে।
মেজবাউর রহমান সুমন এর পরিচালনায় নির্মিতব্য 'শহরতলীর আলো' নাটকটির রচয়িতা শিবুকুমার শীল। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার বিপরীতে অভিনয় করবেন নতুন নায়ক।
প্রযোজক জানান, আমরা এর মধ্যে তিনজনকে প্রাথমিকভাবে বাছাই করেছি। এখনো চুড়ান্ত করা হয়নি। তবে পরিচালকের আগ্রহ শিরোনামহীন ব্যান্ডের ভোকাল তুহীনের প্রতি।
পরিচালক জানান, নাটকের শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। এর ৭০ ভাগ কাজই হবে রাস্তায়। অনুমতি মিললে শেরাটনের সামনের রাস্তায় এর কাজ শুরু করার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি।
এনটিভিতে আগামী ঈদের নাটক হিসেবে নাটকটি প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন সুমন।
২৯ জুলাই থেকে সুমন পরিচালিত ধারবাহিক 'কফি হাউজ' চ্যানেল ওয়ানে প্রচারিত হবে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/ ১৫১০ ঘ
bdnews24