জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আমজাদ আলী খান তার আত্মজীবনী রচনার কাজ শুরু করেছেন। এই গ্রন্থে তার জীবনকাহিনীর সঙ্গে সঙ্গে ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের দীর্ঘ ৫ দশকের বহু অজানা কাহিনী উঠে আসবে বলে আশা করা হচ্ছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
আত্মজীবনীতে কীভাবে তার পূর্বপুরুষরা ভারতে এলেন এবং এখানে সরোদকে জনপ্রিয় একটি সঙ্গীক ধারায় পরিণত করলেন তার বয়ানও থাকবে।
আমজাদ আলী খান বলেন, "আত্মজীবনীর কাজ অনেকখানি শেষ করেছি। আশা করছি খুব শিগগিরই এটা প্রকাশ করতে পারবো। এতে আমার ১২ বছর বয়স থেকে এ যাবৎকালের বিস্তারিত বিবরণ থাকবে।"
আমজাদ আলী খানের দুই ছেলে আমান ও আয়ান আলী খান এর আগে তাদের বাবাকে নিয়ে একটা বই লিখেছেন। বইটির নাম 'আব্বা : গড'স গ্রেটেস্ট গিফট টু আস'। ওই বইয়ে দুই ভাই তাদের পরিবারের সাঙ্গীতিক অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
আমজাদ খানের বইয়ে তার ব্যাক্তিগত জীবন সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ থাকবে।
খান বলেন, "আমার ছেলেরা তাদের মায়ের সাহায্য নিয়ে আমার সম্পর্কে লিখেছে। এখন আমি নিজের ভাষায় নিজের সম্পর্কে লিখতে চাই।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮১২ ঘ
bdnews24