জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- তামিল হিট ছবি 'গজনী'র হিন্দি রিমেক 'খুলা আসমান' এ অভিনয় করতে গিয়ে ন্যাড়া হতে হচ্ছে আমির খানকে। চুল না ফেলে উইগ ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছিল বলিউড অভিনেতাকে। কিন্তু পারফেকশনিস্ট বলে পরিচিত খান চুল ফেলে দেওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। চিত্রনাট্যের দাবি অনুযায়ীই কাজটি করতে বাধ্য হচ্ছেন আমির। ছবির দ্বিতীয়ার্ধে তাকে এই ন্যাড়া অবস্থায় দেখা যাবে। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
আমিরের পছন্দের হেয়ার স্টাইলিস্ট আভন কন্ট্রাক্টর। 'দিল চাহতা হ্যায়' এ তার যে হেয়ার কাট ছিল তা এরই করা। এবারেও তার চুল বিসর্জনের কাজেও এগিয়ে আসছেন তিনি।
আমির খানের আগেও দেশে বিদেশে অনেক অভিনেতা তাদের মাথা কামিয়েছেন চিত্রনাট্যের স্বার্থে। বলিউডের সালমান খান 'তেরে নাম' ছবিতে, আদিত্য পাঞ্চোলি মুসাফির ছবিতে ন্যাড়া মাথায় হাজির হয়েছেন। এমনকি অভিনেত্রীদের মধ্যে শাবানা আজমী ও নন্দিতা দাসও ওয়াটার ছবিতে অভিনয়ের সময় এই কাজ করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এমআইআর/১৬২১ ঘ
bdnews24