জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফেঅর ডটকম) -- হিন্দি চলচ্চিত্রের চিরসবুজ তারকা দেবানন্দ স্বীকার করলেন, সুরাইয়ার প্রেমে পরেছিলেন তিনি। তার প্রকাশিতব্য আত্মজীবনী 'রোমান্সিং উইথ লাইফ' এ এই স্বীকোরোক্তি দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে একাধিক সংবাদমাধ্যমের সাথেও খোলাখুলি কথা বলেন তিনি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
দেবানন্দ সাংবাদিকদের বলেন, "হ্যা, আমি সুরাইয়াকে ভালবাসতাম। এটা বলতে আমার কোন লজ্জা নেই। আমার আত্মজীবনীতে আমি কোন কিছুই লুকাবো না। আমার বয়সকালের খুবই গুরুত্বপূর্ন একটা অধ্যায় ছিল এটি। তখন আমি ছিলাম তরুন আর প্রথম প্রেমে পরার ঘটনা ছিল সেটি।"
প্রথম প্রেমের প্রসঙ্গে বলতে গিয়ে চোখ মুখ ঝলমলিয়ে ওঠে দেবানন্দের। মৃদু হেসে বলেন, "তিনি (সুরাইয়া) তখন বিশাল তারকা। আমি নবাগত। কিন্তু আমি তখনই বেশ শক্তিশালী আর পরিশীলিত অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছিলাম। আমি ছিলাম শিক্ষিত, সচেতন এবং আমার জীবনের লক্ষ্যের ব্যাপারে নিশ্চিত ছিলাম।"
" যাই হোক, আমার জীবন শেষ পর্যন্ত সুরাইয়াতে মেলেনি। এটা ছিল নিয়তি নির্ধারিত বিষয়। আমি যদি তার সাথে মিলতাম, জীবনটা তাহলে অন্যরকম হতো।"
৮৩ বছর বয়ষ্ক দেবানন্দ সাংবাদিকদের জানান দেবানন্দ বলেন "প্রথম প্রেমের বেলায় যা হয়- রংবেরংয়ের কতো যে ভাব খেলা করে মনের মাঝে! আর তারপর না পাওয়ার বেদনা। আর নিজেকে প্রবোধ দেওয়া : তেমন কিছু হয় নি। আর এসবের পরেই দেবানন্দ তার নিজের মহিমায় আবির্ভূত হলো।"
"তাকে যদি আমি বিয়ে করতাম, আমার জীবন তাহলে অন্যখাতে প্রবাহিত হতো। সেক্ষেত্রে আজকের যে দেবানন্দকে সবাই চেনে তার হয়তো জন্মই হতো না।"
বলিউডের চিরসবুজ এই অভিনেতা এখনো চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। তার পরবর্তী ছবি এক হত্যা রহস্যের কাহিনী নিয়ে।
বহুল প্রতিক্ষীত দেবানন্দের আত্মজীবনী তার ৮৪তম জন্মদিন ২৬ সেপ্টেম্বর প্রকাশিত হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৫৫৫ ঘ
bdnews24