জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- ১৯৩৯ সালের বিখ্যাত 'দি ওমেন' ছবির রিমেক তৈরি হতে যাচ্ছে আর তাতে অভিনয় করতে একত্র হয়েছেন মার্কিন তারকা মেগ রায়ান, অ্যানেট বেনিং, ইভা মেন্ডেস, জেডা পিঙ্কেট স্মিথ, ডেব্রা মেসিং ও ক্যান্ডিস বার্গেন। চীনের একটি বার্তা সংস্থা জানিয়েছে এ খবর।
ক্লেয়ার বুথ লুস এর একই নামের একটি নাটকের উপর ভিত্তি করে রচিত এই কমেডির অন্যতম বৈশিষ্ট্য এর সব তারকাই নারী। গল্প গুজবে মেতে থাকা উচ্চবিত্ত কিছু মহিলাদের কেন্দ্র করে আবর্তিত হয় ছবির কাহিনী। এদের একজন যখন টের পায় যে তার স্বামী তার সঙ্গে প্রতারণা করছে তখনই কাহিনী নতুন মোড় নেয়। রিমেক ছবিটি পরিচালনা করবেন ডায়েন ইংলিশ। এই ছবিটি বানানোর জন্য ১০ বছরেরও বেশি সময় ধরে লেগে আছেন তিনি।
ছবিটি প্রযোজনা করবেন ভিক্টোরিয়া পিয়ারম্যান ও স্যার মিক জ্যাগার। কসমেটিকস কোম্পানি ডাভ এই ছবির আংশিক খরচ যোগাবে।
এর আগে বহুবার এই ছবির রিমেক তৈরির উদ্যোগ নেয়া হলেও শেষাবধি সেগুলি আর বাস্তবায়িত হয় নি।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৭০৯ ঘ
bdnews24