চিরতরে অভিনয় ছেড়ে দিচ্ছেন পল নিউম্যান
পল নিউম্যান বলেছেন, তিনি অভিনয় থেকে একেবারেই অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অস্কার বিজয়ী এই হলিউড অভিনেতা অভিনয় ছেড়ে তার অন্যান্য ব্যবসায় মনোযোগী হবেন।
৮২ বছর বয়ষ্ক পল শুক্রবার এবিসি নিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, “ যে মানের অভিনয় আমি করতে চাই তা এখন করতে পারছি না।...আপনি আপনার স্মরণশক্তি হারিয়ে ফেলছেন, হারিয়ে ফেরছেন আস্থা, আপনার আবিষ্কারের ক্ষমতাও আর নেই..তখন আপনি কী করবেন? সুতরাং আমি মনে করি এবার আমার ক্ষান্ত দেয়া উচিত।”
“৫০ বছর ধরে আমি অভিনয় করছি। আমার মনে হয় যথেষ্ট হয়েছে। আর নয়।”
রুপালী পর্দায় অসাধারণ কিছু চরিত্রে অভিনয় করেছেন পল নিউম্যান। ‘ক্যাট অন এ হট রুফ টিন’, ‘কুল হ্যান্ড লিনক’, দি স্টিং’ কিংবা ‘হুদ’ ছবিতে অসাধারণ কিছু চরিত্র রুপায়ন করেছেন তিনি।
অভিনয়ের জন্য নয়বার অস্কার মনোনয়ন পান নিউম্যান। ১৯৮৭ সালে ‘দি কালার অফ মানি’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জেতেন।
তার সবচেয়ে বাজার সফল ছবি ১৯৬৯ সালের ‘বুচ ক্যাসিডি অ্যান্ড দি সানড্যান্স কিড’। এই ছবিতে তার সঙ্গে রবার্ট রেডফোর্ডও অভিনয় করেন। দুজনে ১৯৭৩ সালে ‘দি স্টিং’ ছবিতেও অভিনয় করেন।
