ছবির নাম ‘রামগোপাল ভার্মা কে শোলে’ রাখা যাবে না : দিল্লি হাই কোর্ট
শুরু থেকেই রামগোপাল ভার্মার শোলে নিয়ে নানা বিতর্ক, আলোচনা লেগেই আছে। এর আগে ছবির গল্পের কপিরাইট নিয়ে এক চোট হয়ে গেছে। এবার বিতর্ক উঠেছে এর টাইটেল নিয়ে। দিল্লি হাই কোর্ট সম্প্রতি ছবির নাম ‘রাম গোপাল ভার্মা কে শোলে’ ব্যবহারের উপর স্থগিতাদেশ জারি করেছে। ভার্মার ফ্যাক্টরির রবি প্রকাশ ভারতীয় এক অনলাইন পত্রিকাকে জানিয়েছেন এ খবর। রবি বলেন, “ বেশ কিছুদিন ধরেই দিল্লি হাই কোর্টে এটা নিয়ে মামলা চলছে।”
এর জের ধরে ছবির নাম ‘রামগোপাল ভার্মা কে গব্বর সিং’ হতে পারে বলে গুজব উঠেছে। নামটা মামুলি শোনাতে পারে, কিন্তু তবু টাইটেলে নিজের নামটা রাখার ব্যাপারে রামু দৃঢ়প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে। তবে রবি প্রকাশ এটা অস্বীকার করে বলেন, “ কথাটা মোটেই ঠিক নয়। আগের নামটাই রাখা যায় কিনা সেটা দেখার জন্যই আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি।”
স্মর্তব্য, মূল শোলে ছবির কপিরাইট রয়েছে সাশা সিপ্পির নামে। তিনিই সম্প্রতি বিনা অনুমতিতে ছবিটি রিমেক করায় রামগোপাল ভার্মার বিরুদ্ধে নোটিশ জারি করেন।
