২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের এক চোট নিলেন পোলানস্কি

বিতর্কিত কথা ও কাজের জন্য মাঝে মধ্যেই আলোচিত হন পোলানস্কি। এবার কান উৎসবেও এক কান্ড করেছেন প্যারিসে জন্ম নেয়া এই মার্কিন চলচ্চিত্রকার। ফালতু, অর্থহীন প্রশ্ন করার জন্য রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তীব্র ভৎর্সনা করেন এবং সম্মেলন থেকে বেরিয়ে যান তিনি। খবর এপির।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রোববার ভিম ভেন্ডার্স, আলেসান্দ্রো গনজালেস ইনারিটুসহ জনা তিরিশেক গনমান্য চলচ্চিত্রকারের সঙ্গে পোলানস্কিও সংবাদ সম্মেলনে নির্ধারিত আসন গ্রহণ করেন। এইসব পরিচালকরা চলচ্চিত্র মাধ্যমকে সম্মাননা জানাতে বেশ কিছু স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র নির্মান করেন। ‘টু ইচ হিজ ওন সিনেমা’ শিরোনামে এই ছবিগুলি দেখানো হয়।

সংবাদ সম্মেলনে বেশ কিছু প্রশ্ন আসে সিনেমার ভবিষ্যত সম্পর্কে। ডিজিটাল যুগে সিনেমার চরিত্রটা কেমন হবে সেটা জানতে চান অনেকে।

পোলানস্কি ঠিক কোন প্রশ্নের প্রেক্ষিতে সম্মেলন থেকে ওয়াক আউট করেন তা নিশ্চিত হওয়া যায় নি। মডারেটর যখন সাংবাদিকদের লক্ষ্য করে বলেন যে তারা আর দু’মিনিট প্রশ্ন করার সুযোগ পাবেন, তখন ৭৩ বছর বয়স্ক পোলানস্কি মাইক্রোফোন হাতে নেন।

এবং বলেন, “আপনারা এতো তুচ্ছ, এমন ফালতু সব প্রশ্ন করছেন যা খুবই লজ্জার কথা। আমার ধারণা কম্পিউটারের অতিরিক্ত ব্যবহারই আপনাদের মান এতোটা নিচে নামিয়েছে। চলচ্চিত্র মাধ্যমে এখন কী হচ্ছে তা নিয়ে আপনারা আর আগ্রহী নন দেখতে পাচ্ছি।”

এভাবে বলার পর পোলানস্কি সাংবাদিকদের পরামর্শ দেন, “ এসব বাদ দেন, চলেন সবাই মিলে গিয়ে মধ্যাহ্নভোজটা সেরে ফেলি।” এ কথা বলে মাইক্রোফোন রেখে তিনি অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। তবে তাকে অনুসরণ করে আর কেউ সংবাদ সম্মেলন থেকে বের হন নি।

২০০২ সালে কানে তার ‘দি পিয়ানিস্ট’ ছবির জন্য সেরা পুরষ্কারটি পেয়েছিলেন পোলানস্কি।