বিয়ের পিঁড়িতে বসছেন শাকিরা!
সাত বছর প্রেমের পর কলম্বিয়ান পপ তারকা শাকিরা আগামী সেপ্টেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। তার হবু বরের নাম এন্টোনিও ডি লা রুয়া।
‘হিপস ডোন্ট লাই’ খ্যাত গায়িকা শাকিরা ও রুয়া গত সাত বছর ধরে একসঙ্গে বাস করছেন। তবে ভক্তরা চাইছিলেন তাদের প্রিয় এই জুটি যেন বিবাহবন্ধনে আবদ্ধ হন।
লন্ডন ভিত্তিক ট্যাবলয়েড মিরর জানায়, তাদের বিয়ের অনুষ্ঠানটি হবে ডোমিনিকান রিপাবলিকের পুন্টা কানায় শাকিরার বাসভবনে। জুটি বিয়ের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে বিভিন্ন ঘটনা থেকে অনুমান করা হচ্ছে সেপ্টেম্বরেই তাদের বিয়ে।
বর্তমানে শাকিরা ‘ওরাল ফিক্সেশন’ নামে তার ওয়ার্ল্ড ট্যুর নিয়ে ব্যস্ত। সম্প্রতি এই পপ তারকা মেক্সিকো সিটিতে এক অনুষ্ঠানে গান গেয়ে পঞ্চাশ হাজার দর্শককে মাতিয়ে দিয়েছেন। এই ওয়ার্ল্ড ট্যুরে ১০৩ টি কনসার্টে শাকিরা প্রায় দুই মিলিয়ন শ্রোতাকে মুগ্ধ করেছেন তিনি।
জুনের ৯ তারিখে ইস্তাম্বুলে এক শো’র মধ্য দিয়ে এই ট্যুর শেষ হবে। এরপর দীর্ঘ বিশ্রাম নেবেন বলে শাকিরা জানান।
