অতিথি তারকা হতে নারাজ দেবানন্দ
বলিউডের চিরসবুজ তারকা বলে খ্যাত দেবানন্দ পরিচালক ফারাহ খানের একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
শাহরুখ খানের পরবর্তী ছবি ‘ওম শান্তি ওম’ এ অভিনয়ের জন্য ছবির পরিচালক ফারাহ খান তাকে অনুরোধ করেছিলেন। সবিনয়ে সে অনুরোধ রাখার ব্যাপারে অপারগতা প্রকাশ করেছেন দেব। খবর ভারতীয় একটি বার্তা সংস্থার।
ফারাহ খান খুব করে চাচ্ছিলেন সুভাষ ঘাই, ঋষি কাপুর ও মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেবানন্দকেও এই ছবির একটি চরিত্রে এক ঝলকের জন্য নিয়ে আসবেন। কিন্তু দেবানন্দ বলেছেন, সারাজীবন তিনি মূল চরিত্রেই অভিনয় করে এসেছেন। বিশেষ উপস্থিতির কাজ তিনি করতে চান না।
দেবানন্দ বলেন, “ফারাহ খান আমার সঙ্গে যোগযোগ করে বলেছিল যে ,সে বিভিন্ন পুরোনো তারকাদের নিয়ে তার ছবিতে বিশেষ দৃশ্যে অভিনয় করাতে চাচ্ছে। আমাকেও সেখানে অংশ নিতে হবে। আমি না করে দিয়েছি, কারণ এ ধরনের কাজ এর আগে আমি কখনো করিনি। আমি সব সময় মূল চরিত্রেই অভিনয় করেছি। অতিথি তারকা হয়ে এই ঐতিহ্য আমি ভঙ্গ করতে চাই না। আমি ওকে বলেছি, শাহরুখের প্রতি আমার শুভকামনা রইল। আমি ওদের ভাল চাই, ওরা ভাল একটা ছবি তৈরি করুক এটা আমি আন্তরিকভাবেই কামনা করি।”
দেবানন্দ ১৯৪৫ সালে চলচ্চিত্রে কাজ শুরু করেন। অভিনেতা, পরিচালক ও প্রযোজেক সব ধরনের কাজই তিনি করেছেন। তার ‘রোমান্সিং উইথ লাইফ’ আত্মজীবনীতে বলিউডের ৬১ বছরের অভিজ্ঞাতার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি। পেঙ্গুইন বইটি থেকে প্রকাশিত হবে ২৬ সেপ্টেম্বর।
দেবানন্দ বর্তমানে তার পরবর্তী ছবি ‘চার্জ শিট’ নিয়ে ব্যস্ত। ছবির কাহিনী একটি খুনের রহস্যকে ঘিরে আবর্তিত হবে।
