২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে নামছেন মণীষা কৈরালা

বিষয়টা একরকম অবধারিতই ছিল। নেপালের বিখ্যাত রাজনৈতিক পরিবারের মেয়ে মডেল থেকে অভিনেত্রী হয়ে বলিউড মাতালেও একদিন যে সে ফিরে যাবে বাপদাদার পেশায় সেটা অনুমান করেছিলেন অনেকেই।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 05:26 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

হয়তো আরো পরে যেতেন কিন্তু নেপালের রাজনীতি দিনে দিনে যেভাবে মোচড় খাচ্ছে তাতে আর দেরি করা সমীচীন হবে বলে মনে করছেন না মনীষা কৈরালা। খুব শিগগিরিই তিনি নিজদেশে রাজনৈতিক কর্মকান্ড শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন সম্প্রতি।

সম্প্রতি বাবা মাকে দেখতে নেপালে এক চকিত সফরে গিয়ে সেখানের এক সাপ্তাহিক পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনীতিতে যোগ দেয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন তিনি।

নেপালের একটি নতুন ট্যাবলয়েড ‘নয়া পত্রিকা’র সঙ্গে সাক্ষাৎকারে ‘বোম্বে’ ছবির এই নায়িকা বলেন, “আমি শুধুমাত্র অভিনেত্রী হিসেবেই পরিচিত। তবে প্রায়ই ভারতীয় রাজনীতিবিদদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, তারা আমার পরিচয় জানে।”

মনীষার দাদা বিপি কৈরালা ছিলৈন নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। তার বড় চাচা গিরিজা প্রসাদ কৈরালা নেপালের বর্তমান প্রধানমন্ত্রী। আর মনীষার বাবা প্রকাশ কৈরালাও একজন প্রাক্তন মন্ত্রী।

মণীষা তার রাজনীতিতে যোগ দেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “রাজনীতিতে আমি যোগ দিতে চাই কারণ, নেপালের আজকের যে অবস্থা দাড়িয়েছে তাতে চুপ করে বসে থাকার সুযোগ নেই। নেপালের সবকিছু ঠিকঠাক চললে আমি অভিনেত্রী হিসেবেই থেকে যেতাম। কিন্তু দিনকে দিন নেপালের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। আমার দায়িত্ববোধকে পাশ কাটিয়ে চলা আমার পক্ষে আর সম্ভব নয়।”

‘খামোশি’র অভিনেত্রী দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির জন্য তিনি মাওবাদী গেরিলাদের দায়ী করেন।