২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের ছবি, শুটিং হলো পাকিস্তানে

সম্প্রতি ভারতীয় একটি ছবির শুটিং হলো পাকিস্তানে। দেশভাগের পর দু দেশের মধ্যে এ ধরনের ঘটনা দু দেশের চলচ্চিত্রমোদী অনেককেই আশাবাদী করে তুলেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:15 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ছবির নাম ‘আওয়ারাপান’। মহেশ ভাট ও মুকেশ ভাট এর এই ছবিটির চিত্রায়নের কাজ হয়েছে হংকং, ম্যাকাউ, জয়পুর যোধপুর জয়সলমীর এবং পাকিস্তানে। খবর ইন্ডিয়াএফএমডটকমের।

পাকিস্তানের সঙ্গে ভারতের চিরশত্রুতার কারণে পাশাপাশি দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক লেনদেনের ঐতিহ্য নেই বললেই চলে। নিতান্তই বাধ্য হয়ে পাকিস্তানের নির্মাতারা তাদের অনেক ছবির পোস্ট প্রডাকশনের কাজ মুম্বাইয়ে এসে করলেও ভারতের কেউ কখনো পাকিস্তানে গিয়ে ছবির শুটিং করার কথা ভাবেনও নি, নিরাপত্তা ও অন্যান্য অসুবিধার কথা মাথায় রেখে। বহু বছর আগে একমাত্র রাজ কাপুর তার ‘ হেনা’ ছবির শুটিং করেছিলেন পাকিস্তানে। ছবির পরিচালক ছিলেন রনধীর কাপুর। আর এতে নায়িকা হিসেবে ছিলেন পাক অভিনেত্রী জেবা বখতিয়ার।

আওয়ারাপানের শুটিংয়ের বিষয়টি নিশ্চিত করে মুকেশ ভাট বলেন, “ আওয়ারাপান ছবির ক্লাইমেক্স দৃশ্যগুলোই চিত্রায়িত হয়েছে পাকিস্তানে।” পাক সরকারের অনুমতি পেতে কোন অসুবিধা হয়েছে কিনা জিজ্ঞেস করলে ভাট বলেন, “ মোটেই না।”

ভাট ভাইদের এই উদ্যোগ আগামীতে দু দেশের মধ্যে এ ধরনের কাজকে আরো গতিশীল করবে এটাই আশা করছেন অনেকে।