নির্মিত হলো বার্বাডোসের প্রথম চলচ্চিত্র, বিষয়: ক্রিকেট, প্রেরণা : লগন
বিশ্বকাপ ক্রিকেট শেষ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা অংশে তার উত্তাপ এখনো রয়েছে। খেলা নয়, এই ক্রিকেট উত্তেজনা বিরাজ করছে একটি চলচ্চিত্রকে কেন্দ্র করে।
এটিই বিশ্বকাপ ফাইনালের ভেন্যু বার্বাডোসের প্রথম পুর্নদৈর্ঘ্য চলচ্চিত্র। ক্রিকেটকে বিষয় করে বানানো এই ছবির নাম ‘হিট ফর সিক্স’। পরিচালক অ্যালিসন সাউন্ডারস ফ্রাঙ্কলিন।
ছবির পরিচালক বলেছেন তিনি ভারতের আমীর খানের ‘লগন’ ছবিটি দেখে চলচ্চিত্রটি নির্মানে উৎসাহিত হয়েছেন।
ক্রিকেট প্রেম ও স্ক্যান্ডালই ছবির উপজীব্য। এতে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অভিযুক্ত একজন ক্রিকেটার কীভাবে সব প্রতিকুলতা উজিয়ে জাতীয় দলে তার স্থানে আবার ফিরে আসেন সে কাহিনীই তুলে ধরা হয়েছে।
স্থানীয় মঞ্চাভিনেতারা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তীর ক্রিকেটার এভারটন উইকস, ওয়েসলি হল, জোয়েল গার্নার, ডেসমন্ড হেইঞ্জ ও গর্ডন গ্রিনিজ।
পরিচালক অ্যালিসন সাউন্ডারস ফ্রাঙ্কলিন বলেন, “লগনের মতো অনেক ভারতীয় চলচ্চিত্র আমি দেখেছি। এবং এই ছবি আমার অন্যতম প্রেরণা হিসেবে কাজ করেছে। তবে আমার ছবি বানানোর স্টাইলটা অনেকটাই আলাদা। বিশেষ করে আমার ছবিতে ভারতীয় কায়দার কোরিওগ্রাফি নেই।”
৪১ বছর আগে স্বাধীন হওয়া একটা যে দেশটি সঙ্গীত ও বিনোদন সংস্কৃতিতে অনেক ঋদ্ধ, একটা পুর্নদৈর্ঘ চলচ্চিত্র তৈরি করতে তার অনেক বেশি সময় লাগলো বলে মন্তব্য করেন অনেকে।
এখন পর্যন্ত বার্বাডোসের মোট ছবির সংখ্যা ৪। এবং এর সবকটিই প্রামাণ্য চলচ্চিত্র। কেন এই অবস্থা তা ব্যাখ্যা করতে গিয়ে অ্যালিসন বলেন, “পুর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র বানাতে অনেক অর্থ দরকার, এটা একটা কারণ হতে পারে। কিংবা এটা একটা মানসিক জাড্যের কারণেও হতে পারে। কেউ সাহস করে এগিয়ে আসেনি বলেই ছবি তৈরি হয় নি।”
নির্বাচিত কিছু দর্শক নিয়ে বার্বাডোসে ‘হিট ফর সিক্স’ এর প্রিমিয়ার শো হয়ে গেছে গত সপ্তাহে। সমালোচকরা খুশি হতে না পারলেও স্থানীয় জনগন ছবিটা নিয়ে খুবই উত্তেজিত।
“মুক্তি পেলে ছবিটা অবশ্যই দেখবো। এটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” বলেছেন বার্বাডোসের এক লোক।
আগামী মাসে ক্যারিবিয় দ্বীপপুঞ্জে ছবিটি মুক্তি দেওয়া হবে। এরপর কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পাঠানো হবে ছবিটি।
