২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডে আমরাই সবচেয়ে বেশি কর দিই: অমিতাভ

২০০৬-২০০৭ সালে বলিউডের সর্বোচ্চ করদাতা ঋত্বিক রোশান-এরকম এক খবরের তীব্র প্রতিবাদ করে অমিতাভ বচ্চন দাবি করেছেন বলিউডের তারকাদের মধ্যে সর্বোচ্চ করদাতা তিনি। শুক্রবার ভারতের একটি দৈনিকে এ খবর ছাপা হয়েছে। অমিতাভের খবরটি জানা গেছে ভারতীয় একটি ওয়েবসাইট মারফত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

খবরে বলা হয় দেশের বিনোদন জগতের সর্বোচ্চ করদাতাদের মধ্যে রয়েছেন ঋত্বিক রোশান, শাহরুখ খান, অক্ষয় কুমার ও কারিনা কাপুর। ঋত্বিক রোশান ২০০৬-২০০৭ সালে কর দিয়েছেন ১৫ কোটিরও বেশি রুপি। শাহরুখের দেয়া করের পরিমান ১৪ কোটি রুপি।

অমিতাভ বলেন, “এই রিপোর্ট দেখে আমি বিস্মিত। এর যথার্থতা নিয়ে আমার সন্দেহ আছে। এ তালিকায় আমার নাম নেই দেখে মনে হচ্ছে আমি কেবল উপার্জন করি কিন্তু যথেষ্ট কর দিই না।”

অমিতাভের দাবি, নিজের এবং এবিসিএলের মাধ্যমে সর্বমোট ১৫ কোটি ৫৯ লাখ রুপি কর দেন তিনি। আর ঋত্বিক দেন ১৫ কোটি ১০ লাখ রুপি। এই হিসেবে অমিতাভ ঋত্বিকের চেয়ে ৪৯ লাখ রুপি বেশি কর দিয়ে থাকেন।

বিগ বি বলেন, “ ২০০৬-২০০৭ সালের হিসেবের দিকে তাকালেই দেখতে পাবেন অমিতাভ বচ্চন ১৪ কোটি ১৫ লাখ রুপি কর দিয়েছেন, অভিষেক বচ্চন দিয়েছেন ৪ কোটি ৭৫ লাখ রুপি আর আমাদের কোম্পানি এবিসিএল কর্পোরেশন লিমিটেড দিয়েছে ১ কোটি ৪৪ লাখ রুপি।”

এই পরিবারের নতুন সদস্য ঐশ্বরিয়া বচ্চন কর দেন ৫ কোটি রুপি। সব মিলিয়ে বচ্চন পরিবারের করের পরিমাণ দাড়ায় ২৫ কোটি ৩৪ লাখ রুপি।

“এরপরও ওরা বলছে সর্বোচ্চ করদাতা ঋত্বিক। এমনকি আলাদাভাবে শুধু আমার করের হিসাব নিলেও আমিই প্রথম হবো।” দাবি করেন অমিতাভ। বচ্চন পরিবারের এই কর্তা বলেন, “ বলিউডের সর্বোচ্চ করদাতা পরিবার আমরাই।”