২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি হচ্ছে বলিউডের প্রথম থিম পার্ক

দর্শক বিচারে পৃথিবীর সবচেয়ে বড় চলচ্চিত্র শিল্প হিসেবে বলিউডকে বিবেচনা করা হয়। অথচ এর কোন থিম পার্ক নেই এটা কেমন কথা। পারসেপ্ট হোল্ডিংস নামের এক মিডিয়া ও এন্টারটেইনমেন্ট কোম্পানি তাই মুম্বাইয়ে বলিউডের প্রথম থিম পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে সম্প্রতি। হলিউড স্টাইলে নির্মিতব্য এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১০০ মিলিয়ন ডলার। খবর ভারতীয় গনমাধ্যমের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 06:41 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

পারসেপ্টের এক শীর্ষ কর্মকর্তা শৈলেন্দ্র সিং বলেছেন, “ভারতের জনগন বিনোদনের জন্য বলিউডের উপরই নির্ভর করে। দেশের চলচ্চিত্র শিল্পের শতকরা ৪০ ভাগ রাজস্ব আসে বলিউড থেকে। অথচ এই বিশাল শিল্প সম্পর্কে আগ্রহীদের ধারণা দেওয়ার কোন আয়োজন এখানে নেই। এই থিম পার্কের মাধ্যমে সেই চেষ্টা করা হবে।”

২০০৮ সালে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে এই থিম পার্ক যেখানে থাকবে বলিউড কাফে, হল অফ ফেম, মিউজিয়াম, বলিউড রাইডস ইত্যাদি নানারকম আয়োজন।

বলিউডে ফি বছর মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা আটশ’র উপরে। এতো এতো ছবি হওয়া সত্বেও ২০০৬ সালে এখান থেকে প্রাপ্ত রাজস্ব ওয়াল্ট ডিজনি স্টুডিওর রাজস্বের অর্ধেক।

তবে বলিউডের স্টুডিওগুলি ও বিশ্লেষকরা বলছেন, এই দুরত্ব হয়তো অচিরেই ঘুচে যাবে। কারণ হলিউডের মতো করে এখানেও এই শিল্পকে টেলিভিশন, ইন্টারনেট, ভিডিও গেম এবং মোবাইল ফোনের সঙ্গেও যুক্ত করা হচ্ছে যা তাদের রাজস্ব বাড়াতে সাহায্য করবে।

২০০৬ সালে ভারতের চলচ্চিত্র শিল্প থেকে পাওয়া রাজস্বের পরিমান ছিল ১.৭৫ বিলিয়ন ডলার। প্রাইসওয়াটারহাউজকুপারস এর বিশ্লেষকদের হিসেব অনুযায়ী, ২০১০ সাল নাগাদ এটা ৩.৪৬ বিলিয়ন হবে।