২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাহসান মিথিলা দম্পতি এবার নাটকে

বিয়ের পরপরই একটি জুঁই তেলে বিজ্ঞাপন করেই তাহসান মিথিলা দম্পতি দর্শকদের মনোযোগ কেড়েছিলেন। অনেক পরিচালকই এরপর থেকে জুটিকে নিয়ে নাটক বানাবার জন্য উৎসাহী হয়েছেন। শেষ পর্যন্ত পরিচালক চয়নিকা চৌধুরীর নাটকে তাদের অভিনয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 06:36 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

জানা গেছে, চয়নিকার পরিচালনায় নজুরুল ইসলামের লেখা ‘হারায়ে খুঁজি তারে’ নাটকে তাহসান ও মিথিলা এক সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। চয়নিকা বলেন, “আসলে প্রথমে এই নাটকে কাদের নেবো, সেটা নিয়ে ভাবছিলাম। শেষ পর্যন্ত তারিনের পরামর্শে তাহসান মিথিলাকেই ঠিক করলাম।”

এদিকে তাহসান জানান, তিনি এখনো এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেননি। তার কথায়, “আসলে স্ক্রিপ্টটা আমি কয়েকদিন আগে পেয়েছি। পড়াও শেষ। এ নিয়ে মিথিলার সঙ্গে এখনো কথা বলা হয়নি। সামনে তার পরীক্ষা। তবে আশা কারছি নাটকটির ব্যাপারে দুদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেবো।”

বাস্তবে তাহসান মিথিলা জুটি বাঁধলেও এখন পর্যন্ত কোন নাটকে তারা জোট বাধেননি। যদি এই নাটকে তারা একসঙ্গে কাজ করেন তবে এটাই হবে এই জুটির প্রথম নাটক। সেই সঙ্গে এটা হবে মিথিলার প্রথম অভিনীত নাটকও। এর আগে মিথিলা কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। তাহসানের সঙ্গীত জীবনেও তিনি জড়িয়ে আছেন গান লিখে ও গেয়ে।

আর তাহসানের ক্যারিয়ার ‘ব্ল্যাক’ ব্যান্ড দিয়ে শুরু। এখন গানে নিজের একক ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাচ্ছেন। তবে গানের পাশাপাশি শখ করে দুটি নাটকেও অভিনয় করেছেন। একটি এক খন্ডের ‘অফ বিট’ ও অন্যটি ধারাবাহিক ‘কাছের মানুষ’। দুটি নাটকই আফসানা মিমির পরিচালিত। মিডিয়ার পাশাপাশি বাস্তবিক জীবনে তাহসান একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষক।