ফয়সাল সিদ্দিকী বগি আর রেনেসাঁতে বাজাচ্ছেন না
ব্যান্ডের জগতে দল ভাঙার ঘটনা বা দল থেকে কারো বের হয়ে যাওয়ার ঘটনা মাঝে মাঝেই ঘটে। ঐতিহ্যবাহী ব্যান্ড হিসেবে খ্যাতি রয়েছে ‘রেনেসাঁ’র। আজ পর্যন্ত তাদের ব্যান্ডের কোন সদস্যের বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেনি। তবে এবার এর ব্যতিক্রম হতে চলেছে।
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, ‘রেনেসাঁ’ ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, রিদম গিটারিস্ট ও ভোকাল ফয়সাল সিদ্দিকী বগি আর ব্যান্ডে থাকছেন না। কয়েকদিন আগে শোনা কথাটাই এখন বাস্তবে রূপ নিয়েছে। বগি আর ‘রেনেসাঁ’তে নেই।
তবে ‘রেনেসাঁ’র আরেক প্রতিষ্ঠাতা সদস্য, কিবোর্ডিস্ট ও ভোকাল নকিব খাঁন এই ঘটনাকে ‘ব্যান্ড ত্যাগ’ হিসেবে উল্লেখ করতে চান না। তার ভাষায়, “আসলে বগি ‘রেনেসাঁ’কে ছাড়েনি। আর ‘রেনেসাঁ’ও বগিকে ছাড়েনি। ব্যাক্তিগত বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত থাকায় বগি এখন ‘রেনেসাঁ’কে সময় দিতে পারছে না। সবাই জানে ‘রেনেসাঁ’র সদস্যরা মিলে এক পরিবারের মতো। বগিও সেই পরিবারের একজন। আমরা যখন কোথাও একসঙ্গে হই, আড্ডা দেই তখন বগিও আমাদের সঙ্গে যোগ দেয়, গান করে। তাই বলা যেতে পারে তিনি ব্যান্ড ত্যাগ করেননি বরং তার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সময় দিতে পাছেন না।”
তবে যখন জানতে চাওয়া হয়, “রেনেসাঁ’র আগামী অ্যালবামে বা ‘রেনেসাঁ’র কোন কনসার্টে বগি অংশগ্রহণ করবেন কি না?” তখন নকিব খাঁন এক কথায় উত্তর দেন, ‘না’।
১৯৭৫ সালে গঠিত হওয়ার পর থেকে ‘রেনেসাঁ’র এ পর্যন্ত চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে ‘রেনেসাঁ’ ১৯৮৮, ‘তৃতীয় বিশ্ব’ ১৯৯৩, ‘একাত্তরের রেনেসা’ঁ ১৯৯৮ ও ‘একুশ শতকে রেনেসাঁ’ ২০০৪। রেনেসাঁর বর্তমান সদস্যরা হলেন ঃ নকীব খান-কিবোর্ড ও ভোকাল, পিলু খান-ড্রামস, ইমরারন আহমেদ-রিদম গিটার, রেজা-লিড গিটার, তামিম বেস-গিটার, হাবলু-পারকাশন ও মুন্না-হারমোনিকা।
