সাতপাকে নিজেদের বাঁধলেন ঐশ্বরিয়া ও অভিষেক
‘প্রতীক্ষা’য় প্রতীক্ষায় ছিলেন কনে। ‘জলসা’ থেকে কখন আসবে বর। কনের অপেক্ষার সঙ্গী ছিলো পুরো ভারত, কখন যাত্রা শুরু করবে বর, কখন সাতপাকে বাঁধবে কনেকে। অবশেষে ‘প্রতীক্ষা’য় প্রতীক্ষার অবসান হয়েছে কনের। সাদা ঘোড়ায় চড়ে টগবগিয়ে হাজির হয়েছে তার রাজপূত্র। শুক্রবার সন্ধ্যায় সনাতনী হিন্দু প্রথায় সাতপাকে বেঁধে নিয়েছে তাকে। সেই সঙ্গে শেষ হয়েছে বিয়ে উপলক্ষে তিন দিনের এই মহাযজ্ঞ।
শুধু ভারত নয়, বলতে গেলে গোটা বিশ্বই তাকিয়ে ছিলো এ বিয়ের দিকে। বিয়েটা তো যার তার নয়, ঐশ্বরিয়া আর অভিষেকের। একজন সাবেক বিশ্বসুন্দরী, অবশ্য অভিনেত্রী হিসেবে সে পরিচয়ও ছাপিয়ে গেছেন তিনি। আর বর এ সময়ের বলিউডের পর্দা কাঁপানো অভিনেতা-বলিউডের প্রবাদপ্রতীম অভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে। আর এই বিয়ের ফলে তারা এখন পরিনত হলেন বলিউডের সবচেয়ে বড় তারকা দম্পতিতে।
বিয়ের অনুষ্ঠানে অভিষেক পড়ে এসেছিলেন সাদা ‘বন্ধগলা’ যাকে সহজ করে লম্বা শেরওয়ানিও বলা যেতে পারে, মাথায় ছিলো রূপালি পাগড়ি যার দুই পাশ দিয়ে ঝুলছিলো সাদা ফুলের মালা। তার বাহনও ছিলো সাদা রংয়ের একটি ঘোড়া। তাতে চড়ে তিনি সোজা চলে যান ‘প্রতীক্ষা’য়।
বিলাসবহুল বাংলো ‘প্রতীক্ষা’তেই বসেছিলো ভারতের সবচেয়ে আলোচিত এ বিয়ের মূল অনুষ্ঠান। বিয়েতে উপস্থিত একটি সূত্র জানায়, সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন পুরোহিত। তিনি ঐতিহ্য অনুসারে মন্ত্রপাঠের মাধ্যমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। যার আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিলো বুধবার সন্ধ্যা থেকেই। আর এ নিয়ে মুম্বাইয়ে অমিতাভের দুটো বাংলোই সেজেছিলো বহুরঙে। আর নিরাপত্তার কড়া কড়ি-সে তো বলাই বাহুল্য। বিয়ে দেখতে বাড়ির বাইরে ভিড় করা শতশত ভক্তকূল কাছেই ঘেঁষতে পারেননি। বিবিসি জানিয়েছে, নিরাপত্তা রক্ষীদের সংখ্যা ৪০০ এর কম ছিলো না। সুতরাং দূরে দাঁড়িয়েই প্রহর গোনা ছাড়া আর উপায় ছিলো না তাদের। তবে জড়ো হওয়া ভক্তকূলের আতিথেয়তারও কমতি রাখেননি অমিতাভ। কিছুক্ষণ পরপর তাদের জন্য ভেতর থেকে খাবার পাঠিয়েছেন। অবশ্য অতিরিক্ত ভিড় সামলাতে একটা সময় পুলিশকে মৃদু লাঠিপেটা করতে হয়েছে বলেও জানা গেছে।
ভারতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টায় ‘জলসা’ থেকে বরযাত্রা শুরু হয়। প্রতীক্ষায় বিয়ে পরিচালনার জন্য ছিলেন ১১ জন পুরোহিত।
বিয়েতে ঐশ্বরিয়া যে লেহেঙ্গাটি পরেছিলেন তার ডিজাইন করেছেন সাবেক বিশ্বসুন্দরীর সব সময়ের ডিজাইনার নীতা লুলা। আর অভিষেকের পোশাকের ডিজাইনার বচ্চন পরিবারের ঘনিষ্ঠ আবু জানি ও সন্দীপ খোসলা।
পঞ্জিকা খুঁজে অনেক দিনক্ষণ বেছে ঠিক করা হয়েছিলো বিয়ের লগ্ন। যে কোনও অশুভ প্রভাব এড়ানোর সব চেষ্টাই করেছে অমিতাভ পরিবার। বেছে নেওয়া হয়েছিলো অক্ষয়ার তৃতীয় লগ্ন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এ দিনে বিয়ে হলে সম্পর্ক হয় অক্ষয়।
বিয়ের আয়োজনে ভাগ্যের পাশাপাশি বাস্তব জ্ঞানের পরিচয়ও দিয়েছেন অমিতাভ বচ্চন। বেরসিক বিদ্যুৎ যদি চলে যায়, সে জন্য ছয়টি বড়মাপের জেনারেটর দিয়ে হাজার কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহের কাজ চালিয়েছেন। ফলে প্রতীক্ষা কিংবা জলসায় অন্ধকার নেমে আসার কোনও সুযোগ ছিলো না।
অমিতাভের মা তেজী বচ্চন অসুস্থ থাকায় অনুষ্ঠানের পরিসর অনেকটাই ছোট করা হয়েছে বলে বচ্চন পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে বিয়ের আমন্ত্রণ পাননি অনেকে। তাই আমির খান, শাহরুখ খান, ঋত্মিক রোশন, রাণী মুখার্জির মতো তারকাদের দেখা যায়নি অনুষ্ঠানে।
বিয়ের পরপরই আসে হানিমুনের পালা। কিন্তু শীঘ্রই হানিমুনে যাচ্ছেন না অভিষেক-ঐশ্বরিয়া। অসুস্থ ঠাকুমাকে কিছুটা সময় দিতে চান অভিষেক। তাই হানিমুন পিছিয়ে দেওয়া হয়েছে।
বিয়ের একদিন আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঐশ্বরিয়ার বাসায় হয়ে গেছে মেহেদি উৎসব। ওই অনুষ্ঠানের মেহেদি আসে রাজস্থানের সোজাত থেকে। তাও অল্পস্বল্প নয়, একেবারে ১৫ কেজি।
অনুষ্ঠানের জন্য ঐশ্বরিয়ার ‘লা মের’ অ্যাপার্টমেন্টে বিশাল তাঁবু খাটানো হয়। বিকেল সাড়ে ৪টা থেকে ৯টা অব্দি চলে নাচ, গান, উৎসব। তবে এতে পরিবারের ঘনিষ্ঠ জনের বাইরে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। অবশ্য যোগ দিয়েছেন অভিষেকের বোন শ্বেতা নন্দা ও অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সোনালি আবার ঐশ্বরিয়ার বান্ধবী।
উৎসব মঞ্চটি সাজিয়েছিল ন্যাশনাল ডেকোরেটরস এর কর্মীরা। তারা জানিয়েছে, মেহেদি অনুষ্ঠান উপলক্ষে ‘লা মের’ এ ৩০ ফুট লম্বা টানেলের মতো প্যাসেজটি নীল, গোলাপি আর হলুদ রেশম কাপড়ে ঘিরে ফেলা হয়। ভেতরে ছিল বিচিত্রবর্ণের আলোকসজ্জা। মঞ্চের মাঝখানে রুপার পাত্রে ছিল মেহেদি।
অ্যাশ-অভিষেকের বিয়ে ঘিরে মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকা ছিলো লোকে লোকারণ্য। জুহুতে বেড়াতে আসা অনেকেও একটু উঁকি দিয়ে যাচ্ছেন ‘প্রতীক্ষা’য়। বৃহস্পতিবার রাতে ঐশ্বরিয়া যখন নিজ বাসা ছেড়ে ‘প্রতীক্ষা’য় গিয়ে ওঠেন, তখন হর্ষধ্বনিতে তাকে অভিনন্দন জানায় উপস্থিত জনতা।
এদিকে বিয়ের দাওয়াত না পাওয়ায় শুধু বলিউড তারকাদেরই বিরাগভাজন হননি অমিতাভ, নিকটাত্মীয়রাও তার ওপর ভীষণ খেপেছেন।
অমিতাভের চাচা বাবু শরদ প্রসাদ শ্রীবাস্তব ও তার পরিবার কিংবা ফুপু মুনমুন আশা করেছিলেন, দাওয়াত থেকে অন্তত তারা বঞ্চিত হবেন না।
কিন্তু শেষ পর্যন্ত দাওয়াত না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা।
দাওয়াত না পেলেও বিপুল সমারোহে যে তাদের বংশেরই একজনের বিয়ে হচ্ছে এটা জেনেই তারা খুশি। তবে পারিবারিক ঐতিহ্য অনুযায়ী নবদম্পতি বাবু পাত্তিতে এসে কুল দেবীর আশীর্বাদ নিয়ে গেলে ভালো করতেন বলে মনে করেন তারা।
অমিতাভ বচ্চনের মতোই দেখতে কেশব শ্রীবাস্তব এসেছিলেন অমিতাভের বাড়িতে। তবে ভেতরে নয় বাইরেই ছিলেন তিনি রাত পর্যন্ত। অভিষেকের এই ভক্ত দাওয়াত পায়নিতো কি হয়েছে তিনি এখানে এসছেন নবদম্পতিকে আশীর্বাদ করতে।
অন্যদিকে বচ্চন বাড়ির সামনে থেকে সন্ধ্যায় আত্মহত্যার হুমকি দেওয়া এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তার দাবি অভিষেক তার সঙ্গে সম্পর্ক করেও তাকে বিয়ে না করে প্রতারণা করেছে। পুলিশ অবশ্য বিষয়টাকে আমলই দেয়নি। কারণ এর সপক্ষে কোন প্রমান হাজির করতে পারেননি তিনি।
