অমিতাভ শেকড়ের কথা ভুলে গেছে: আত্মীয়দের অভিযোগ
বিয়ের দাওয়াত নিয়ে নানারকম গোলযোগ তো লাগেই। একে দাওয়াত দেওয়া হলো না, তো ওকে ঠিকমতো বলা হয়নি। অমুককে গুষ্টিসুদ্ধ দাওয়াত দিয়েছে অথচ...ইত্যাদি ইত্যাদি। আগে থেকে ঘোষনা দিয়ে নিজের অপারগতার কথা জানালেও বলিউড তারকা কিংবা নিকটাত্মীয় কারো কাছ থেকেই রেহাই পাচ্ছেন না অমিতাভ বচ্চন। সবারই একই অনুযোগ, দাওয়াত দিলো না। নাখোশ আত্মীয়দের অনেকেই বলেছেন, অমিতাভ শেকড়ের কথা ভুলে গেছে।
অমিতাভ বচ্চনের কাজিন কিশোর শ্রীবাস্তব শ্বেতা বচ্চনের বিয়েতে আমন্ত্রণ পেয়েছিলেন। ফলে আশা করেছিলেন অভিষেকের বিয়েতেও পাবেন। কিন্তু পাননি। কিশোরের ছেলে রবি মন খারাপ করে বলেছেন, “ মুম্বাইয়ে শ্বেতার বিয়েতে বাবা দাওয়াত পেয়েছিলেন। কিন্তু এবারে কোন আমন্ত্রণ এলো না।”
কিশোর ও তার বড় ভাই অশোক শ্রীবাস্তব বর্তমানে এলাহাবাদে অমিতাভের বাবা ড. হরিবংশরাই বচ্চনের বাসা ‘মধুশালা’র দেখাশোনা করছেন। দীর্ঘদিন ওই বাড়িতে বচ্চন পরিবারের কেউ পা রাখেন নি।
মধুশালার আশেপাশের লোকজনও অনুযোগের সুরে বলেন, “এমনকি আশির দশকে নির্বাচনী প্রচারাভিযানে এলাহাবাদে এলেও মধুশালায় আসেননি অমিতাভ বচ্চন।”
অশোক শ্রীবাস্তবের এক প্রতিবেশী অলকা বলেন, “আমি এখানে আজ ১৫ বছর ধরে আছি। অমিতাভ বা তার পরিবারের কাউকেই এখানে আসতে দেখিনি। ওর বাবার দেহভষ্ম নিয়ে যখন অমিতাভ এলাহাবাদে এসেছিলেন তখনও তিনি এ বাড়িতে পা রাখেননি। তো, ফলে আমরা কেউ আশাও করি না যে ওনারা আমাদের দাওয়াত দেবেন। আত্মীয় স্বজনদের সাথে ওনারা সব সম্পর্ক ছিন্ন করেছেন।”
এভাবে তাদেরকে ভুলে গেলেও শ্রীবাস্তবরা এখনো অমিতাভের দাদীর নামে চালু করা স্কুলটির দেখাশোনা করে যাচ্ছেন। স্কুলটি উদ্ধোধন করেছিলেন অমিতাভ ও তার বাবা।
অমিতাভের দেশের বাড়ি বাবু পাত্তি গ্রামের ঘনিষ্ট আত্মীয়রাও বঞ্চিত হয়েছেন বলিউডের সবচেয়ে এই আকর্ষনীয় বিয়ের আমন্ত্রণ থেকে।
অমিতাভ বচ্চনের চাচা বাবু শরদ প্রসাদ শ্রীবাস্তব ও তার পরিবার কিংবা ফুফু মুনমুন আশা করেছিলেন, তাদের অন্তত দাওয়াত থেকে বঞ্চিত করবেন না অমিতাভ। কিন্তু অভিষেকের মেহেদী রসম হয়ে যাওয়ার পরে ২০ তারিখের বিয়ের দাওয়াতের আশা ছেড়ে দিয়েছেন তারা।
অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ শ্রীবাস্তব নিশ্চিতই ছিলেন যে বিয়েতে তিনি যাচ্ছেন। একরকম প্রস্তুতিও নিয়েছিলেন। কারণ গত মার্চে গ্রামের অমিতাভের দেশের বাড়িতে বেড়াতে গিয়ে জয়া বচ্চন নিজে তাকে দাওয়াতের ব্যাপারে নিশ্চিত করেছিলেন।
অমিতাভের প্রয়াত বাবা হরিবংশরাই বচ্চনের বোন মুনমুন থাকেন কুন্ডা এলাকায়। বিয়ের দাওয়াত না পেয়ে তিনিও একরকম খামোশ হয়ে গেছেন।
হরিবংশরাই বচ্চনের সাথে তাদের আন্তরিকতার স্মৃতিচারণ করে মুনমুন ও শ্রীবাস্তব বলেন যে, অমিতাভের বাবা যতোদিন বেঁচেছিল ততদিন তাদের সাথে ভালো যোগাযোগ ছিল। জয়া বচ্চন সম্প্রতি বেড়াতে গেলে এই যোগাযোগ পুনস্থাপিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। বিয়ে উপলক্ষে হয়তো সেটা আরো জোরদার হবে এই আশায় ছিলেন তারা। কিন্তু হলো না।
যাই হোক, দাওয়াত না পেলেও বিপুল সমারোহে যে তাদের বংশেরই একজনের বিয়ে হচ্ছে এটা জেনেই তারা খুশি। তবে পারিবারিক ঐতিহ্য অনুযায়ী এই জুটি বাবু পাত্তিতে এসে কুল দেবীর আশীর্বাদ নিয়ে গেলে ভালো করতেন বলে মনে করেন তারা।
অমিতাভের এক আত্মীয় কিছুটা খেদের সঙ্গে মন্তব্য করেন, “এই পরিবারের সবাই যে কোন বড় কাজের আগে এখানের কুল দেবীর আশীর্বাদ নিয়ে যায়। অমিতাভের পরিবার বিন্ধ্যাচল, কাশী আরো কোথায় কোথায় গিয়েছে প্রার্থনার জন্য। এখানে একটিবার এলে ভালো হতো।”
সূত্র : ওয়েবসাইট
