কিউ কি সাশ ভি’র করণ ছবি করছেন না
মিনি পর্দা দিয়ে যাত্রা শুরু করলেও অধিকাংশ তারকার বাসনা থাকে বড় পর্দায় নিজেকে তুলে ধরার। কিন্তু স্টারপ্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘কিঁউ কি শাস ভি কভি বহু থি’র করন ভিরানী চরিত্রে রুপ দেয়া জনপ্রিয় অভিনেতা হিতেন তেজানী বলেছেন উল্টো কথা-“বড় পর্দার চেয়ে টেলি সিরিয়ালে অভিনয় করতেই আমার বেশি ভালো লাগে।” ‘আনওয়ার’ এর পরে আর কোন ছবিতে অভিনয় করার ইচ্ছে তার নেই আপাতত। কিঁউ কি সাস কি কভি বহু থি সিরিয়ালে অভিনয় করেই তিনি সন্তুষ্ট।
কিঁউকি সিরিয়ালের বাইরে স্ত্রী গৌরি প্রধানের সাথে ‘নাচ বোলিয়ে টু’ তে এক নৃত্যে অংশ নেয়ার পর ‘আনওয়ার’ ছবিতে দেখা গিয়েছিল এই জনপ্রিয় তারকাকে। ছবিতে নায়কের বন্ধু উদিত চরিত্রে অভিনয় করেন তিনি। নায়কের ভুমিকায় ছিলেন বলিউড তারকা মণীষা কৈরালার ভাই সিদ্ধার্থ কৈরালা। মণীষাও ছবিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করেন। ছবিটি পরিচালনা করেন মণীষ ঝা।
আনওয়ারই হিতেনের প্রথম ছবি নয়। জগারস পার্ক, কৃষ্ণা কটেজ ইত্যাদি ছবিতেও অভিনয় করেছেন হিতেন।
হিতেন বলেন, “আমি জাত অভিনেতা। তবে কলেজে ওঠার আগে ক্যামেরার সামনে আসার সুযোগ পাইনি। তখন আমার বয়স ২৩ কি ২৪।” কয়েকটা বিজ্ঞাপনের কাজ দিয়েই মিনি পর্দায় তার যাত্রা শুরু করেছিলেন। সবচেয়ে বড় ব্রেকটা পান ২৬ বছর বয়সে।
শুধু মিডিয়াতে নয়, ওই সময়ে জীবনের বড় ব্রেকটাও পেয়ে যান তেজানী। টেলিভিশনের জন্য এক সৌন্দর্য সাবানের বিজ্ঞাপন করতে গিয়ে গৌরির সাথে পরিচয় হয় তার। এরপর ‘কুটুম্ব’ সিরিয়ালে একত্রে কাজ করেন। আর কিঁউকিতে কাজ করতে করতে কুটুম্বিতা পাকাপোক্ত হয়ে যায় দুজনের মধ্যে।
তিন বছর ধরে একই চরিত্রে অভিনয় করতে একঘেয়ে লাগার কথা। কিন্তু হিতেন বলছেন, “না, আমি বরং উপভোগ করছি। কিঁউকির চিত্রনাট্যে করণের চরিত্রটা বেশ ভালোভাবে লেখা হয়েছে এবং হচ্ছে। ঘটনার টানাপড়েনে প্রত্যেক পর্বেই ঘুরে ফিরে আসছে চরিত্রটি। আমার মনে হয় না এ চরিত্রে অভিনয় করতে আমার কখনো একঘেয়ে লাগবে।”
আনওয়ার ছবির পরে তিনি বেশি করে চলচ্চিত্রে জড়িয়ে পরবেন বলে যে খবর চাউর হয়েছিল সেটাকে একেবারেই উড়িয়ে দিয়ে তেজানী বলেন, “এরকম কোন ইচ্ছে আমার নেই।” নিকট ভবিষ্যতে কিঁউকি’র বাইরে কেবল কসৌটি জিন্দেগি কি সিরিয়ালে ক্ষনিকের জন্য দেখা যাবে তাকে।
