২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পা শেঠীকে চুমু খেলেন রিচার্ড গিয়ার

রবিবার হাজার হাজার ট্রাক ড্রাইভারদের সামনে হলিউডের খ্যাতিমান তারকা রিচার্ড গিয়ার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীর গন্ডদেশে চুমু খেলেন। না, কোন ছবির শুটিং চলাকালে নয়, ভারতে নিরাপদ যৌনতা এবং এইডস বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তার এই আনন্দদায়ক উদ্যোগ। নিউ দিল্লীতে এইডস সচেতনতা বৃদ্ধি বিষয়ক অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 06:38 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

ভারতে যাদের মাধ্যমে এইডস ছড়ানোর প্রবণতা বেশি তাদের অধিকাংশই ট্রাকচালনা পেশার সাথে জড়িত। তাদের লক্ষ্য করেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে দাড়িয়ে ট্রাক ডাইভারদেরে উদ্দেশ্য করে রিচার্ড গিয়ার পরিষ্কার হিন্দি উচ্চারণে উচ্চকণ্ঠে ‘ নো কন্ডম নো সেক্স’ কথাটি বলেন। তার সাথে কণ্ঠ মেলান উপস্থিত ড্রাইভাররা।

ভারতীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে এইডস বিস্তারের কাজটি সবচেয়ে বেশি হয়েছে দূরপাল্লার ট্রাক ড্রাইভারদের মাধ্যমে। তারা বিভিন্ন এলাকায় যায় এবং সেখানের যৌনকর্মীদের সাথে অনিরাপদ যৌনসম্পর্ক করার পর বাড়িতে ফিরে স্ত্রীর সাথে মিলিত হয়। এভাবে দেশব্যাপী তারা রোগটির বিস্তারে ভুমিকা রেখেছে।

“ট্রাক চালকদের চাকরির নিষ্প্রাণ, নিরাবেগ চরিত্রটিই এ জন্য সবচেয়ে বেশি দায়ী।” বক্তব্য রাখার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন গিয়ার।

গিয়ার বলেন, “ ট্রাক ডাইভারদের নিজেদেরই পারষ্পরিক সহযাগিতার মাধ্যমে আচরণের পরিবর্তন ঘটাতে হবে। তাহলেই সতিক্যারের কাজ হবে।”

জাতিসংঘের হিসেব অনুযায়ী, ভারতে বর্তমানে ৫৭ লাখ এইচআইভি আক্রান্ত রোগী আছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই ট্রাক ডাইভার।

অনুষ্ঠান চলাকালে পাঞ্জাবি পপ গানের তালে উদ্দাম নৃত্যে মেতে উঠেছিলেন গিয়ার। এক পর্যায়ে তিনি শিল্পা শেঠীকে জড়িয়ে ধরে চুমু খান। ট্রাক চালকরা এ সময় হর্ষধ্বনি দিতে থাকে। শিল্পাকেও এ সময় আনন্দোচ্ছল দেখাচ্ছিল। শিল্পাও এইডস সচেতনতার পক্ষে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যোগ দেন বলিউড অভিনেতা সানি দেওলসহ আরো কিছু তারকা। ‘গাদার’ ছবিতে সৎ ট্রাকচালকের ভুমিকায় অভিনয়ের জন্য সানি বহুল প্রশংসিত হন।

এইডস সচেতনতা বিষয়ক শোটির আয়োজন করে স্বেচ্ছাসেবামূলক সংগঠন হিরোজ প্রজেক্ট ও ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ফাউন্ডেশন।

৯০ মিনিটের ওই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে ছিলেন রিচার্ড গিয়ার। ট্রাক কোম্পানির প্রধানদের উদ্দেশ্য করে তিনি বলেন, “ আপনাদের গাড়ির চালকদের সুস্থ রাখবেন। তাদেরকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করবেন না। মনে রাখবেন, তারাও মানুষ।”