পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হচ্ছে অর্ধশত অডিও অ্যালবাম
বরাবরের মতো এবারের পহেলা বৈশাখেও প্রকাশিত হচ্ছে অর্ধশত অডিও অ্যালবাম। সাউন্ডটেক থেকে ইতিমধ্যে বাজারে এসেছে আসিফের ১৯ তম একক অ্যালবাম ‘বন্দি’। রাজেশ, পল্লব স্যানাল, মাহমুদ জুয়েল ও আজমীর বাবুর সুর ও সঙ্গীতে অ্যালবামটিতে গান লিখেছেন-শহীদুল্লাহ ফরায়জী, প্রদীপ সাহা, মাহমুদ জুয়েল, চানক্য ও নীহার আহমেদ।
বারী সিদ্দিকী ও আসিফের প্রথম যৌথ অ্যালবাম ‘ভালোবাসতে দিলনা’ প্রকাশিত হয়েছে এই বৈশাখী আয়োজনে। এছাড়া রুক্সি ও অনন্ত দৌলা’র যৌথ অ্যালবাম ‘ফিরে আসবে তুমি’, বেস্ট কালেকশন অ্যালবাম ‘বৈশাখী মেলা’, চাইম ব্যান্ডের গানের সঙ্কলন ‘সরলতার প্রতিমা’ রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম ‘সুন্দর হে’ ইত্যাদি অ্যালবাম প্রকাশ হচ্ছে।
সঙ্গীতা থেকে প্রকাশিত হচ্ছে ডলি সায়ন্তনীর একক অ্যালবাম ‘মনটা আমার’। পঙ্কজের সুর ও সঙ্গীতে অ্যালবামটিতে গান লিখেছেন-হোসেইন রানা, শাহান কবন্ধ, প্রিন্স রুবেল ও নীহার আহমেদ। এছাড়া পালস ব্যান্ডের ‘চন্দ্রিমা রাতে’ মমতাজ পলাশের যৌথ অ্যালবাম ‘চিকন গোয়ালিনী’, মমতাজ-শরীফ উদ্দিনের যৌথ অ্যালবাম ‘ফুলের বাসর’, নাসিরের একক ‘মধুমতির তীরে. আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে নবাগত গায়ক মিন্টুর ‘মায়া লাগে’ সহ বেশ কয়েকটি অ্যালবাম পহেলা বৈশাখ উপলক্ষে বাজারে আসছে।
বিশেষ দিনগুলোতে প্রযোজনা সংস্থা ‘গানচিল’ থেকে সবসময় ক্লোজআপ ওয়ান তারকাদের একক বা মিশ্র অ্যালবাম প্রকাশিত হয়। তবে এবারই তার ব্যাতিক্রম ঘটলো। এই বৈশাখে তারা প্রকাশ করেছে কুমার বিশ্বজিৎ ও মিতালী মুখার্জীর যৌথ অ্যালবাম ও কনক চাঁপার ৪র্থ একক অ্যালবাম ‘পদ্মপাতা’।
জি সিরিজ ও এর অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীনা’র ব্যানারে প্রকাশিত হয়েছে-অরন্য ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘তার ছিঁড়ে গেছে’, ব্যান্ড ফায়ার ও ওয়ারফেয়ারের অ্যালবাম, চলচ্চিত্রে গানের অ্যালবাম ‘স্বামীর সংসার’ অবসকিউর ব্যান্ডের ৫ম অ্যালবাম ‘প্রতীক্ষার পালা’, রাশেদ মোর্শেদের সঙ্গে ভারতীয় শিল্পীদের যৌথ গানের অ্যালবাম ‘ভালবাসা সেন্টমার্টিনে’ প্রকাশিত হয়েছে। ভারতীয় শিল্পীদের মধ্যে আছেন হৈমন্তি শুক্লা, জোজো, পামেলা ও মাধুশ্রী।
এছাড়া এটিএন এর খবর পাঠিকা দিমা নেফার তিতি’র একটি আবৃত্তির অ্যালবাম প্রকাশিত হবে পহেল বৈশাখের বিকেলে।
লেজার ভিশন বাজারে ছেড়েছে নাসিমা খানের ‘কণ্ঠে নিলেম গান’, মমতাজের একক ‘কামের কাজী’।
