‘এক জনমে’র শুটিং করতে মালয়শিয়া যাচ্ছেন আব্দুল্লাহ আল মামুন
আব্দুল্লাহ আল মামুনের রচনা ও পরিচালনায় ধারাবাহিক ‘এক জনমে’ নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। এর আগামী কয়েকটি পর্বের শুটিংয়ে হবে মালয়শিয়াতে। এজন্য আব্দুল্লাহ আল মামুন সহ শিল্পী ও কলাকুশলিরা সামনের মাসেই মালয়েশিয়া যাচ্ছেন।
আব্দুল্লাহ আল মামুন জানান, “নাটকের ঘটনার ধারাবাহিকতার স্বার্থেই কয়েকটি পর্বের শুটিং মালয়শিয়াতে করতে হবে। আমাদের দিক থেকে প্রস্তুতি সম্পন্ন। মালয়শিয়াতে শুটিং করার লক্ষ্যে আমরা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি। সেটা পেলেই আমরা রওনা দেব।” কবে যেতে পারেন এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব কিছু ঠিক থাকলে ইচ্ছা আছে আগামী মাসের ২৫ তারিখেই রওনা হবো।”
নাটক ছাড়াও আব্দুল্লাহ আল মামুন পপিকে নিয়ে সম্প্রতি একটি চলচ্চিত্র তৈরী করেছেন। ‘দরিয়া পারের দৌলতি’ নামে এই চলচ্চিত্রটির কাজ শেষের পথে বলে জানান তিনি। মামুন বলেন ,“৯৫ ভাগ শুটিংয়ের কাজ শেষ। এমনকি প্রাথমিক সম্পাদনাও হয়ে গেছে। এখন আমরা ডাবিংয়ের কাজ ধরবো। তারপর সঙ্গীত আর প্রিন্ট বাবদ আরো কয়েক মাস যাবে। সব কিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসে ছবিটা মুক্তি দিতে পারবো বলে আশা করি।”
শোনা গিয়েছিল, বিটিভিতে প্রচারিত আব্দুল্লাহ আল মামুন পরিচালিত একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘সংশপ্তক’ নাটকটি নতুন করে তৈরী করবেন তিনি। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে বলেন, “ইচ্ছা ছিলো, তবে সেটা করছি না। কারণ তখন চ্যানেল বলতে বিটিভিই ছিলো। আর অর্থের উৎস ছিলো সরকার। ফলে নাটকে অর্থায়ন নিয়ে ভাবতে হতো না। তাই ভালো কিছু তৈরী করাও সম্ভব ছিলো। কিন্তু এখনকার প্রাইভেট চ্যানেলগুলোর অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে বাজেট। আগে বেশি বাজেটে নাটক বানানোর পর সেটাই যদি আবার কম বাজেটে তৈরি করি তাহলেতো আর আগের চেয়ে ভালো হবে না। নতুন করে তৈরি করলেও আগে যেটা ভালোলেগে যায় সেটার কথাও দর্শকরা ভুলতে পারেনা। তাই ‘সংশপ্তক’ নাটকটি নিয়ে নতুন করে কাজ করার ইচ্ছা থাকলেও সেটার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেছি।”
নাটক আর চলচ্চিত্র নিয়ে এতো ব্যস্ত থাকার পরেও মঞ্চের কাজটা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেননি তিনি। আগামী কয়েক মাসের মধ্যে নতুন মঞ্চ নাটক লেখার ইচ্ছে আছে তার।
