বিনোদন চ্যানেল চালু করছে এনডিটিভি
ভারতের প্রথম সারির টেলিভিশন সংবাদ সংস্থা এনটিভি শিঘ্রই বিনোদন চ্যানেল চালু করতে যাচ্ছে। ‘এনডিটিভি ইমাজিন’ নামের এই আয়োজনের প্রধান হিসেবে থাকবেন সামীর নায়ার ও চলচ্চিত্র পরিচালক করন জোহর।
সামীর স্টার ইন্ডিয়ার সাবেক প্রধান নির্বাহী। তার নেতৃত্বেই ‘কিঁউকি সাঁস ভি কভি বহু থি’সহ কে সিরিজের সিরিয়ালগুলো এবং ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মতো অনুষ্ঠান দিয়ে স্টার প্লাস ভারতের অন্যান্য চ্যানলেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে।
এনডিটিভি ইমাজিনের দায়িত্ব নেয়ার পর সামীর বলেন, “এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ।”
এ বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুর দিকে এনডিটিভি ইমাজিনের একটি চ্যানেল চালু হবে। এখনো টিম গোছানোর কাজ চলছে।
“গত ৫ বছরে ভারতীয় চলচ্চিত্র অনেকখানি বদলে গেছে। এখন সময় হয়েছে টেলিভিশন মিডিয়াকে বদলে দেয়ার।” বলেছেন এনডিটিভির এক মুখপাত্র। একহাতে ভারতীয় চলচ্চিত্রকে অনেকখানি এগিয়ে দেয়ার কৃতিত্ব করন জোহরের-এ কথা উল্লেখ করে তিনি বলেন, “এই বিনোদন চ্যানেলের ক্রিয়েটিভ শাখার প্রধান থাকবেন করন জোহর।”
চ্যানেলে তার ভুমিকা প্রসঙ্গে করন জোহর বলেন, “আমি একজন চলচ্চিত্রকার। যে দুটি পায়ের উপর একজন চলচ্চিত্রকার দাড়িয়ে থাকেন তার একটি হলো তার কল্পনাশক্তি অন্যটি হলো বিনোদন দেয়ার ক্ষমতা। আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এ দুটি কারণেই। ফলে এখানে আমার অবস্থানটা নিজের কাছে যৌক্তিক মনে হচ্ছে। চলচ্চিত্র দিয়ে আমরা মানুষের জীবনকে ছুঁয়ে যাই, এখন টেলিভিশন দিয়ে আমরা সে জীবনে প্রবেশ করতে প্রস্তত।”
প্রথম পর্যায়ে এনডিটিভি ইমাজিন সাধারন হিন্দি বিনোদন চ্যানেল চালু করবে। এরপর আরো দুটো চ্যানেল যোগ হবে তার সাথে।
