আদনান সামির রহস্যময়ী নায়িকাটি কে?
যে কোন দিন মুক্তি পেতে যাচ্ছে আদনান সামির দীর্ঘ প্রতিক্ষীত অ্যালবাম ‘কিসি দিন’। প্রতিদিনই এখন ভারতীয় বিভিন্ন চ্যানেলে এর বিজ্ঞাপন চলছে। টি সিরিজ বের করছে অ্যালবামটি।
যে সব কারণে আদনান সামির অ্যালবামগুলি বিখ্যাত তার একটি হলো এর মডেলরা। আদনান সামির আগের অ্যালবামগুলিতে বলিউডের প্রথম সারির তারকারা মডেল হয়েছেন। এর মধ্যে আছে রাণী মুখার্জী, আমিশা প্যাটেল, মহিমা চৌধুরী, রাভিনা ট্যান্ডন, নম্রতা শিরোদকার, ভুমিকা চাওলা এবং আরতি চাবারিয়া। তবে তার নতুন অ্যালবামে কে মডেল হিসেবে তা নিয়ে ভোক্তাদের মধ্যে ব্যপক কৌতুহল দেখা দিয়েছে। কারণ, এবারের মডেল শোবিজ জগতে পরিচিত কেউ নন।
অবশেষে এই রহস্যের মীমাংসা হয়েছে। এই নবাগতা হচ্ছেন অভানে। ঘটনাচক্রেই তার কাছে সামির গানের মডেল হওয়ার প্রস্তাব আসে। প্রথমে তিনি দ্বিধান্বিত ছিলেন করবেন কি করবেন না। “সবাই বলছিল এটা খুব সুুইট একটা ভিডিও হবে। যখন শুনলাম আদনান সামির গান তখন তো আমি চিত্তির।” পরে সাংবাদিকদের কাছে বলেছেন তিনি।
কাজ করতে যেয়ে কোন বাধাই টের পাননি এই নবাগতা। বাধো বাধো ঠেকেনি কোথাও। সেটে পরিচালক আর সহকর্মীরা তাকে সহজ রাখার জন্য সর্বতোভাবে সাহায্য করেছেন। ‘প্রচুর মজা হয়েছে সেটে। এমনকি আদনান সামী, অতো বড় তারকা, তিনিও আমাকে যথেষ্ট সাহায্য করেছেন।’ স্বীকার করেছেন তিনি নিজেই।
