২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের লেখা নাটক পরিচালনা করলেন অরুণা বিশ্বাস

ছোট ও বড় পর্দার একসময়ের আলোচিত নায়িকা অরুণা বিশ্বাস এখন পর্দার সামনের চেয়ে পিছনেই ব্যস্ত বেশি। নিজের প্রযোজনা সংস্থা যাত্রা ভিশন থেকে নির্মাণ করেছেন বেশ কয়েকটি নাটক। পরিচালনাও করেছেন। তবে এই প্রথমবারের মতো নিজে নাটক লিখে পরিচালনা করলেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 04:42 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

নাটকের নাম ‘অনন্যা’। ২১, ২২ ও ২৩ মার্চ টানা তিনদিন শুটিংয়ের পর সেটি এখন সম্পাদনার টেবিলে। নাটকের কাহিনী আবর্তিত হয়েছে একজন নারীকে নিয়ে। যার জীবন থেকে হঠাৎ করেই হারিয়ে গেছে তার প্রিয় এক মানুষ। সেই মানুষটি তার ভাই। হারানো সেই ভাইকে তিনি খুঁজে ফেরেন অন্য মানুষের মাঝে। এভাবেই মানসিক টানাপোড়েনের মধ্য দিয়েই নাটকের কাহিনী এগিয়ে চলে।

হঠাৎ নাটক লেখায় কেন এলেন? জানতে চাইলে অরুণা বিশ্বাস বলেন,“আসলে হঠাৎ না, অনেকদিন ধরেই নাটক লেখার কথা ভাবছিলাম। সেটাই এখন বাস্তবে রূপ নিয়েছে। বিভিন্ন সময়ে নানান আইডিয়া, প্লট এর কথা মাথায় আসে। অন্যকে দিয়ে সেসব নিয়ে নাটক লেখালে হয়তো দেখা যাবে আমি যা চাচ্ছি তা ঠিক মতো ফুটে ওঠেনি। তাই নিজেই লেখা শুরু করলাম।” তিনি আরো জানান এই নাটকটি যদি দর্শকরা ভালো মতো গ্রহণ করেন তবে আরো নাটক লিখবেন।

এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, মৌটুসী বিশ্বাস, জিতু আহসান, তুষার খান, কোহিনূর ও শিশু শিল্পী অর্পা।

নাটকটি কোন চ্যানেল প্রচারিত হবে তা এখনো নিশ্চিত নয়।