কন্যা সন্তানের মা হলেন সাবেক স্পাইস গার্ল মেল বি
মঙ্গলবার মা হলেন সাবেক স্পাইস গার্ল মেলানি ব্রাউন, মেল বি নামেই যিনি অধিক পরিচিত। ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার সেন্ট জন’স হাসপাতালে স্থানীয় সময় ১২টা ১১ মিনিটে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মেল বি’র মুখপাত্র এক বিবৃতিতে জানান এ খবর।
বিবৃতিতে তিনি বলেন “শিশুটির স্বাস্থ্য ভাল আছে, চমৎকার চুল তার মাথায়। এখনো পর্যন্ত তার নাম ঠিক করা হয় নি। আপাতত তাকে বেবি ব্রাউন বলে ডাকা হচ্ছে।”
শিশু ও তার মা ভাল থাকলেও এই সন্তানের বাবা কে তা নিয়ে ইতিমধ্যে গোল বেধেছে। মেল বি জানিয়েছেন এর বাবা এডি মার্ফি। কিন্তু এডি মার্ফি তা অস্বীকার করেছেন।
মেল বি’র ৮ বছর বয়সী আরো একটি কন্যা সন্তান আছে। তার বাবা মেল বি’র সাবেক স্বামী জিমি গুলজার।
