লন্ডনের আত্মঘাতী বোমা হামলা নিয়ে বলিউডের ছবি
২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের পরিবহন ব্যবস্থার উপর যে ভয়াবহ বোমা হামলা চালানো হয় সে ঘটনাকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র নির্মানের উদ্যোগ নিয়েছেন পরিচালক জগমোহন মুন্দ্রা। এর দুটি গুরুত্বপূর্ন চরিত্রে অভিনয় করবেন নাসিরুদ্দীন শাহ ও ওম পুরী। লস এঞ্জেলস ভিত্তিক ভারতীয় পরিচালকের ছবিটি মুক্তি পাবে আগামী বছর। ছবির নাম ‘শুট অন সাইট’।
মুন্দ্রা জানিয়েছেন, ওই বোমা হামলার ঘটনাটির প্রেক্ষিতে রচিত হলেও এ ছবির ঘটনা ও পাত্র পাত্রী কাল্পনিক।
ওই বোমা হামলায় ৫২ জন মানুষ মারা যায়। এর প্রেক্ষিতে বৃটিশ পুলিশের হাতে অন্যায়ভাবে নির্দোষ এক ব্রাজিলিয়ান নিহত হন যা নিয়ে বিশ্বব্যাপী তীব্র সমালোচনা হয়।
মুন্দ্রা বিবিসিকে জানান, তার চিত্রনাট্যে পুলিশের হাতে নিহত ওই মানুষটি একজন মুসলমান। কর্তৃপক্ষ যখন বুঝতে পারে যে তারা ভুল করেছে তখন এটাকে ঢাকা দেয়ার জন্য একজন মুসলিম পুলিশকে এই ঘটনা ব্যাখ্যা করার জন্য সামনে নিয়ে আসে।
ছবিতে পুলিশের চরিত্রটি বাস্তবের মেট্রোপলিটান পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারিক গফুরের অনুসরনেই তৈরি করা হয়েছে।
মুন্দ্রা বলেন, “ আমার খেয়াল আছে ৭ জুলাই ঘটনার পর হঠাৎ করেই টেলিভিশনে স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষে কথা বলতে শুরু করলেন মিস্টার গফুর। আমি তখন তার সাথে গিয়ে দেখা করলাম, কথা বললাম। তবে আমার ছবির চরিত্রটি কাল্পনিকভাবেই রচিত।”
ছবিটি তৈরির জন্য ৭ জুলাইয়ের বোমা হামলার শিকার ও নিহতদের পরিবারের সাথে কথা বলেছেন মুন্দ্রা।
প্রাথমিকভাবে পুলিশ গফুরের চরিত্রে অভিনয়ের জন্য মুন্দ্রা অমিতাভ বচ্চনকে প্রস্তাব দিয়েছিলেন। তবে অমিতাভ প্রস্তাব গ্রহণ করেন নি। তবে ছবিটি না করার ব্যাপারেও তিনি মুন্দ্রাকে কিছু জানাননি।
আফসোস করে মুন্দ্রা বলেন, “চিত্রনাট্য দেখে বচ্চন সাহেব পছন্দ করেছিলেন। তার এবং অন্যান্য চরিত্রগুলি কেমন হবে সে বিষয়েও আমরা অনেক আলাপ করেছি। তারপর হঠাৎ করে তিনি যোগাযোগ বন্ধ করে দিলেন। আমি ইমেইল চিঠি সব উপায়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তার দিক থেকে কোন সাড়া পাইনি। ‘আমি ছবিটা করবো না। কিংবা আমি দুঃক্ষিত।’ এরকম কোন মেসেজও পাইনি তার কাছ থেকে।”
পরে বলিউডের শক্তিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ ওই ভুমিকায় অভিনয়ে সম্মত হন। এর আগে ২০০৩ সালে শাহ হলিউডের ‘দি লিগ অফ এক্সট্রাঅর্ডিনারি জেন্টেলম্যান’ ছবিতে ক্যাপ্টেন নিমোর ভুমিকায় অভিনয় করেন।
ছবিতে এক মৌলবাদী মুসলিম ইমামের ভুমিকায় অভিনয় করবেন ওম পুরী। বৃটিশ হিট ছবি ‘ইস্ট ইজ ইস্ট’ ছাড়াও অনেক আন্তর্জাতিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন।
এরা ছাড়াও বৃটিশ অভিনেতা গ্রেটা স্কেচ্চি ও ক্লেয়ার ব্লুম এই ছবিতে অভিনয়ে সম্মত হয়েছেন। ছবিতে তারা নাসিরুদ্দিন শাহ এর স্ত্রী ও মায়ের ভুমিকায় থাকবেন।
২১ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত ছবির শুটিং চলবে। সূত্র : ওয়েব সাইট।
