আমেরিকায় চকোলেট জেসাসের প্রদর্শন নিষিদ্ধ হলো
মার্কিন ক্যাথলিক গোষ্ঠীর প্রতিবাদের মুখে নিউ ইয়র্কের একটি আর্ট গ্যালারি চকোলেট জেসাসের প্রদর্শন স্থগিত করেছে। ‘মাই সুইট লর্ড’ শিরোনামের ৬ ফুট এই স্থাপত্যকর্মটি ছিল দুহাত ছড়ানো নগ্ন যীশুর মুর্তি। চকোলেট দিয়ে বানানো ওই মূর্তির ভাষ্কর কসিমো কাভালারো।
সোমবার থেকে ম্যানহাটন ল্যাব গ্যালারিতে ভাষ্কর্যটি দেখানোর কথা ছিল। খৃষ্ট বছরের সবচেয়ে গুরুত্বপূর্ন অংশ ইস্টার হলি উইকের প্রাক্কালে এই মুর্তি প্রদর্শনের ফলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় ম্যানহাটনে। ক্যাথলিক লিগ ফর রিলিজিয়াস অ্যান্ড সিভিল রাইটস এই প্রদর্শনী বয়কট করার ঘোষনা দিলে গ্যালারি কর্তৃপক্ষ ওই মূর্তির প্রদর্শন স্থগিত ঘোষণা করে।
লিগের এক মুখপাত্র কিয়েরা ম্যাকাফ্রে বলেন, “এটা খৃস্টানদের উপর হামলার মতো। রমজান মাসে মুসলিম ধর্মের নবী মোহাম্মদকে নিয়ে এরকম মূর্তি করার কথা তারা কখনো কল্পনা করারও সাহস করবে না।”
ল্যাব গ্যালারির শিল্প পরিচালক ম্যাট সেমলার বলেন, “কী করেছি তা না দেখেই লোকজন এর বিরুদ্ধে কথা বলছে। ” ইস্টারের সাথে যে এই প্রদর্শনীর সময় এক হয়েছে সেটা নিতান্তই কাকতালীয়, পরিকল্পিত নয় বলে তিনি জানান।
কানাডায় জন্ম নেওয়া শিল্পী কসিমো কাভালারো ওই ভাষ্কর্যটি বানাতে ২০০ পাউন্ড চকলেট ব্যবহার করেন। সূত্র : ওয়েবসাইট।
