অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে ২০ এপ্রিল
অবশেষে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের বিয়ের তারিখ ঘোষণা করা হল-- আগামী ২০ এপ্রিল গাঁটছড়া বাঁধছেন মুম্বাইয়ের এ জনপ্রিয় দুই তারকা।
মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর প্রচার করে। ভারতের প্রত্রিকা টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতায় প্রকাশিত এক খবরে জানা যায়, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের নিজ বাড়িতেই হবে বিয়ের অনুষ্ঠান। তবে ঐশ্বরিয়া এবং অভিষেকের মিডিয়া ম্যানেজার এ সম্পর্কে কোন বিবৃতি দেননি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে আরো বলা হয়, বিয়ের অনুষ্ঠান বিরাট জাঁকজমক হবে বলে যে খবর প্রচারিত হয়েছে আসলে তা ঠিক না। সাদামাটা ভাবেই শেষ করা হবে বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের বন্ধু--বান্ধব ছাড়া অন্য কেউ অনুষ্ঠানে প্রবেশাধিকার পাবেনা।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জানুয়ারি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই এবং অমিতাভ পুত্র অভিষেক বচ্চনের বাগদান হয়।
এরপর থেকেই তাদের বিয়ের অনুষ্ঠানের দিন--ক্ষণ নিয়ে মিডিয়ায় নানা ধরনের খবর প্রচার হয়।
