সাময়িক অন্ধত্বে ভুগছেন ‘ও প্রিয়া’ খ্যাত গীতিকার প্রদীপ সাহা
আসিফের জনপ্রিয় গান ‘ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়’ এর গীতিকার প্রদীপ সাহা গত ১ মার্চ থেকে আর চোখে দেখছেন না। চিকিৎসকরা তার এই অন্ধত্বকে সাময়িক বলে জানিয়েছেন। তবে এটা কতদিন স্থায়ী হবে বলতে পারেননি তারা। প্রদীপ উন্নত চিকিৎসার জন্য কয়েকদিনের মধ্যেই মাদ্রাজে যাচ্ছেন। সেখানে তিনি ‘শঙ্কর নেত্রালয়’ হাসপাতালে চিকিৎসা নেবেন।
প্রদীপ জানান, তার উচ্চ রক্তচাপ আছে। গত ২৭ ফেব্র“য়ারি রক্তচাপ বেড়ে যাওয়ায় ব্যাক্তিগত চিকিৎসকের পরামর্শে সোহরাওয়ার্দি হাসপাতালে ভর্তি হন। সেখানে একদিন পর ১ মার্চ ভোর তিনটার দিকে ঘুম থেকে উঠে চোখ মেলে টয়লেটে যাওয়ার প্রস্তুতি নেন। তখন চোখে শুধুই অন্ধকার দেখে তিনি ঘাবড়ে যান। চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষার পরে জানতে পারেন তার মৃদু মাত্রার ব্রেন স্ট্রোক হয়েছে। সেটার ফলে মস্তিস্কে আভ্যন্তরীন রক্তক্ষরণ হয়েছে। সেই রক্ত চোখের সঙ্গে সম্পৃক্ত একটি অংশের উপর জমাট বেঁধেছে। আর তাতেই এই সাময়িক অন্ধত্বের শিকার হয়েছেন তিনি।
চিকিৎসকরা প্রদীপ সাহাকে জানিয়েছেন, ওষুধ খেতে খেতে এটা ঠিক হয়ে যাবে। পুরোপুরি ঠিক না হলেও, অনেকাংশেই ভালো হবে। তার খাওয়া দাওয়াও অনেক সীমাবদ্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। অ্যালকোহল পান একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।
সাময়িক অন্ধত্বে প্রদীপ আশা ছাড়েননি। গান রচনাও থামান নি। লিখতে না পারলে কী হবে, মাদ্রাজে যাওয়ার আগে তিনি বেশ কয়েকটি গানের কথা রেকর্ড করে যাচ্ছেন।
