হার্লি নায়ারের বিয়ে নিয়ে যোধপুরে তুমুল উত্তেজনা
নব দম্পতি ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হার্লি ও ভারতীয় ব্যবসায়ী অরুণ নায়ার ভারতের ঐতিহাসিক শহর যোধপুরে পা রেখেছেন গত বুধবার। বৃটেনে বিয়ের পর ভারতীয় রীতিতে বিয়ের অনুষ্ঠান পালনের জন্যই তাদের এই শহরে আসা।
তিন দিনের এই অনুষ্ঠানে তাদের সঙ্গে এসেছেন ২৪০ জন অতিথি। এদের মধ্যে ডিজাইনার টম ফোর্ড, গ্রিসের রাজকুমারি ম্যারি শাঁতাল ও একটি প্রসাধনী প্রতিষ্ঠানের কর্ণধার ইস্টি লডারের ভাতিজি ইভলিন লডার আছেন।
লডার জানান, তারা এই সফরে ঘুমাবার সময় পাচ্ছেন খুবই কম। তার ভাষায়, ‘আমরা এখন পর্যন্ত ভোর সাড়ে চারটার আগে বিছানায় যেতে পারিনি।’
যোধপুর শহরের উমাইদ ভবন প্যালেসে নবদম্পতি আর অতিথিরা থাকছেন। সেখানেই তাদের বিয়ের অনুষ্ঠানটি হবে।
মেহেদিসজ্জা দিয়ে এই দম্পতির বিয়ের অনুষ্ঠান শুরু হবে। জামাই আর বউ পক্ষের অতিথিদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচেরও আয়োজন করা হয়েছে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সাদা ঘোড়া আর হাতির খেলা এবং সেই সঙ্গে থাকবে রাজস্থানী নৃত্য।
এলিজাবেথ ও অরুণ নায়ারের এই বিয়ের আয়োজন সম্পর্কে যাতে কেউ জানতে না পারে সে জন্য তাদের সাংবাদিকদের সামনে আসতে দেয়া হয়নি। তারপরেও ফাঁস হয়েছে গোপন তথ্য। ভারতীয় পোশাক নকশাকার রোহিত বাল রয়টারর্সকে জানান, বৃহস্পতিবারের অনুষ্ঠানের জন্য তিনি হার্লি ও নায়ারের পোশাক ডিজাইন করছেন। হারলি পড়বেন সাদা ও রূপালি রঙের লেহেঙ্গা। আর নায়ার পড়বেন কমলা রঙের কুর্তা ও কলারবিহীন শার্ট।
এতো ধুমধামের এই বিয়ে নিয়ে যোধপুরের মানুষদের কৌতুহল জাগ্রত হলেও এলিজাবেথ হার্লিকে কিন্তু তারা চেনেনই না বলতে গেলে। বিয়ের সামগ্রী দোকানের এক মহিলা বিক্রেতাকে জিজ্ঞেস করা হলে তিনিই উল্টো প্রশ্ন করেন, ‘এই কি সেই বুড়ি মহিলা যার বিয়ে হয়েছে। যদি তাই হয় তবে সে হচ্ছে যোধপুরের সবচেয়ে বয়সী বউ। তারপরেও তিনি সুন্দর।’
যোধপুরবাসীরা এই বিয়ে নিয়ে উত্তেজিত। আরেকটি বিয়ের সমগ্রী দোকানের কর্মচারী দুর্গা সিং রাঠোর বলেন, ‘যোধপুরে অ্যাংলো ইন্ডিয়ান বিয়ে এই প্রথম।’
