২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিলে দত্তক সন্তানকে ঘরে নিতে পারবেন জোলি

অ্যাঞ্জেলিনা জোলি ভিয়েতনামের এক শিশু সন্তানকে দত্তক নিতে যাচ্ছেন এটা বেশ পুরোনো খবর। তবে সেই সন্তানকে কবে নিজ ঘরে তুলতে পারবেন সেটা এতদিন নিশ্চিত হওয়া যায়নি। ভিয়েতনাম কর্তৃপক্ষ বেশ দ্রুতই দত্তক সংক্রান্ত কাগজপত্র তৈরী করছেন এবং আশা করা যাচ্ছে আগামী এপ্রিলেই জলি দত্তক নেওয়া সন্তানকে নিজের কাছে নিয়ে যেতে পারবেন। দত্তক সংক্রান্ত অফিসের এক কর্মকর্তা বুধবার এ তথ্য জানায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2007, 05:39 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

ভিয়েতনাম কর্তৃপক্ষ দত্তক সংক্রান্ত বেশীর ভাগ কাগজপত্রই অনুমোদন করেছে। জানিয়েছেন বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক দত্তক দপ্তরের পরিচালক ভু দাক লং। তিনি আরো জানান, “আমরা হ্যানয়ে দত্তকের কাগজপত্র ও নানান বিষয় সম্পাদন করেছি এবং এখন তা হো চিন মিন সিটির কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখছে। কাজেই সব কিছু সম্পন্ন হতে পুরো মার্চ মাসটা লাগবে বলে মনে হচ্ছে। দত্তক বাচ্চা এপ্রিলেই আমেরিকার উদ্দেশে ভিয়েতনাম ত্যাগ করতে পারবে। জোলির তারকাখ্যাতির কারনে কাজটা মাত্র একমাসেই সমাপ্ত হতে চলছে। যেখানে সাধারণত তিন মাস সময় লাগে।”

৩১ বছর বয়স্ক জোলি মার্চের শুরুর দিকে আমেরিকান এজেন্সির মাধ্যমে দত্তক নেওয়ার আবেদন করেন। ব্রাড পিটকে তিনি এর সঙ্গে সংযুক্ত করেননি। কারন, ভিয়েতনামের দত্তক আইন অনুযায়ী অবিবাহিত দম্পতিরা দত্তক নিতে পারে না।

এই নিয়ে জোলির দত্তক নেওয়া বাচ্চার সংখ্যা দাড়াবে তিনজনে। আগের দুজনকে দত্তক নেওয়া হয়েছিলো কম্বোডিয়া এবং ইথিওপিয়া থেকে। এছাড়াও এই অবিবাহিত দম্পতির একটি সন্তান রয়েছে। তার নাম শিলো নুভেল।