টোকাইদের সাথে ফুটবল খেললেন অপূর্ব
ভর দুপুরে টোকাইদের সাথে ফুটবল খেলছেন অপূর্ব। না অবসর বিনোদন নয়, পেশার তাকিদেই খেলছিলেন তিনি। ১১ মার্চ নজরুল ইসলাম রচিত ‘যেতে পারি কিন্তু কেন যাব’ নাটকের শুটিং চলছিলো আশুলিয়াতে। নাটকের একটি দৃশ্যে কাজ করতে গিয়েই ভর দুপুরে ফুটবল খেলতে হয়েছে তাকে। বহুদিন খেলধুলা করেন না। তার উপর চড়া রোদ। ফলে যা হবার তাই হল। মাথা ঘুরে উঠলো তার। পড়ে যাবার আগেই নিজেকে সামলে নিলেন। তারপর পানি, স্যালাইন... এসব পরিচর্যার পরে একসময় সুস্থ হলেন।
নাটকটিতে অপূর্বের সহশিল্পী হিসেবে আছেন রিচি। এটি অপূর্ব রিচির চতুর্থ নাটক। পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। এই নাটক ছাড়াও অপূর্ব আরো বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন। এর মধ্যে আছে হুমায়ুন আহমেদের ‘কবি’। এ নাটকে তিনি সাজ্জাদ চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ‘বোহেমিয়ান’, আশরাফুল আলম রিপনের ‘সোনালু ফুল’, নরেশ ভূঁইয়ার ২৬ পর্বের ‘শেষ অধ্যায়’, জে এইচ হেলালের ‘সেদিন দুজনে’, ইত্যাদি।
এতো সবই নাটক। বিজ্ঞাপনে কাজ করা কি তবে ছেড়ে দিলেন? অপূর্বর উত্তর,“না ছাড়িনি। আসলে অনেক বিজ্ঞাপন করার প্রস্তাব পাই। কিন্তু পছন্দ হয় না বলে করি না। তাছাড়া ৩৫ মিলিমিটার বিজ্ঞাপনে শুটিং না করে অন্যান্য ফরম্যাটে কাজ করলে কেমন কেমন লাগে। তবে ভালো বিজ্ঞাপনের প্রস্তাব পেলে অবশ্যই করবো।”
নাটক, বিজ্ঞাপনের পাশাপশি অপূর্ব গানও করেন। সম্প্রতি ভ্যালেনটাইন’স ডে উপলক্ষে প্রকাশিত মিশ্র অ্যালবাম ‘ভালবাসা তোমার জন্য'তে তার গাওয়া গানও রয়েছে । গানটির নাম ‘ইচ্ছে গুলো’। গীতিকার তানভীর তারেক। আগামী ১লা বৈশাখে আরেকটি মিশ্র অ্যালবাম আসতে পারে বলে তিনি জানান।
