২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে কেনাকাটায় ব্যস্ত জ্যাকসন

বুধবার মাইকেল জ্যাকসনকে দেখা গেছে লন্ডনের হ্যারড ডিপার্টমেন্টাল স্টোরে কেনাকাটা করতে। হাত খুলে কেনাকাটা করছিলেন তিনি মনের আনন্দে। এসবের মূল্য কীভাবে তিনি পরিশোধ করবেন সে সম্পর্কে অবশ্য কারো কোন ধারণা নেই। দেনার দায়ে এই পপ তারকা এখন আকণ্ঠ নিমজ্জিত।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2007, 09:07 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ক্যামেরা -  লাজুক এই তারকা চুলে নতুন স্টাইল এনেছেন। তার চোখে ছিল চিরপরিচিত রে বান গ্লাস। আশির দশক থেকেই তিনি এই ব্রান্ডের গ্লাস ব্যবহার করে আসছেন।

এর আগে লন্ডনে এসে হোটেল ওঠার সময় এক কান্ড করেছেন এই পপ কিং। তাকে দেখলে এবং তার হাঁটাচলা লক্ষ্য করলে কখনো কখনো মেয়ে বলেও ভ্রম হতে পারে। সেটাই কাজে লাগিয়েছেন তিনি। ভক্তদের উৎপাত এড়াতে হোটেলে নাম রেজিস্ট্রেশনের সময় নিজেকে মেয়ে বলে পরিচয় দেন।

হোটেলে তার রাহা খরচাও কম হবে না। দুই সন্তান প্রিন্স ও প্যারিস মাইকেলসহ ১০ জন নিরাপত্তা কর্মী রয়েছে জ্যাকসনের সঙ্গে।

হোটেলে নানা ছলচাতুরী করে এলিভেটরে উঠছেন তিনি যাতে কেউ জানতে না পারে কোন ফ্লোরে কোন রুমে উঠেছেন তিনি।

আক্ষেপের সঙ্গে হোটেলের এক স্টাফ বলেছেন, “ আমাদের এই হোটেলে অনেক বড় তারকাই এসেছে, থেকেছে। তবে জ্যাকসনের মতো বাড়াবাড়ি রকমের উত্তেজনা ছড়ানো তারকা আর দেখিনি। তার সঙ্গে সবসময় একটা বড় দল থাকে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় সঙ্গে বিশাল লটবহর নিয়ে যায়। এতে আমাদের কাজে খুব ঝামেলা হয়। আমাদের সবসময় সতর্ক থাকতে হয় কেউ যেন তার উপস্থিতির খবরটা টের না পায়।” তাছাড়া তারা অনুযোগ করেছে যে টিপস দেওয়ার বেলায় জ্যাকসনের হাত নাকি ততটা দরাজ নয়।