২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'র‌াম্বো' চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে মিয়ানমারের সাবেক বিদ্রোহী

সিলভেস্টার স্তালোনের ‘র‌্যাম্বো’ প্রেমীদের জন্য নতুন খবর আসছে। অনেকদিন বাদে র‌্যাম্বোর পরবর্তী চলচ্চিত্রের কাজ শুরু হচ্ছে এবং তা হচ্ছে অচিরেই।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 07:47 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

বরাবরের মত স্তালোনই থাকছেন এর নাম ভূমিকায়। তবে সমস্যা দেখা দিয়েছিল খলনায়ক নিয়ে। ওই চরিত্রে অভিনয় করার জন্য লোক খোঁজা হচ্ছিল বেশ কিছুদিন থেকেই। অবশেষে মনের মতো লোকের খোঁজ পাওয়া গেছে। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় জঙ্গলের এক সাবেক বিদ্রোহী সেনাকে ওই চরিত্রের জন্য মনোনীত করা হয়েছে। তিনি মিয়ানমার সেনাবাহিনীর একজন বদরাগী কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন। নাম তার সাই মং।

চল্লিশ বছর বয়স্ক সাই মং শান স্টেট সেনাবাহিনীর একজন সাবেক গেরিলা সদস্য। এই বাহিনী ১৯৪৮ সাল থেকে তৎকালীন বার্মায় স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। শান হেরাল্ড এজেন্সির জানায়, প্রায় ৩০০ আবেদনকারীর মধ্য থেকে সাই মংকে বেছে নেওয়া হয়।

আবেদনকারীদের জন্য কর্তৃপক্ষ কিছু শর্ত বেঁধে দিয়েছিল। তাকে হতে হবে ৩২ থেকে ৪০ বছর বয়সী বার্মিজ পুরুষ। দেখতে হবে সেনা সদস্যের মত এবং অবশ্যই বিদঘুটে।

সাই মং সম্বন্ধে বলতে গিয়ে তার ঘনিষ্ট এক বন্ধু জানান, “সে বার্মিজ ভাষা বলতে পারে অনর্গল এবং চরিত্রের জন্য যেরকম অবয়ব দরকার তা তার ভালোভাবেই আছে।”  

র‌্যাম্বোর নতুন এই চলচ্চিত্রটির নাম প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে ‘র‌্যাম্বো ৪: ইন দি সার্পেন্টস আই’।