এইডস সচেতনতায় নামছেন সুস্মিতা ও অ্যাশলে জুড
আগামী মাসের মাঝামাঝি বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন মুম্বাইয়ের যৌন কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ঠিক সেসময়ই হলিউডের অভিনেত্রী অ্যাশলে জাড আসবেন মুম্বাইয়ে। এরপর এই দুই তারকা একজোট হয়ে মুম্বাইয়ের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রেড লাইট এলাকায় এইডস সচেতনতা বাড়ানোর কাজে নামবেন।
এ প্রসঙ্গে সুস্মিতা সেন জানান, “এইডস সচেতনতায় জাড যা করছে তা আমাকে মুগ্ধ করেছে। আমাদের অভিনয় জীবন খুবই চমৎকার কিন্তু বাস্তব অনেক বেশি গুরুত্বপূর্ন। অনেক তারকাই বাস্তব জীবনের সমস্যা সমাধানে অনেক কিছু করতে পারতো কিন্তু তারা এ ব্যাপারে উদাসীন। আমিও সেরকমই। দূর্ভাগ্যজনকভাবে অনেকেই আমাদের নাম ভাঙ্গিয়ে অনেক কিছু করছে যা সংশ্লিষ্টদের কোন উপকারে আসছে না।”
ফেব্র“য়ারির ১৮ তারিখ সুস্মিতা সেন গিয়েছিলেন আন্ধ্রেরির সেন্ট ক্যাথেরিন’স হোমসে। সারাদিন সেখানে তিনি এইচআইভি আক্রান্ত বাচ্চাদের সঙ্গে সময় কাটান। সঙ্গে ছিলো তার মেয়ে রিনি।
“ আমি চাইনি সেখানেও মিডিয়ার ক্যামেরা আমাদের অনুসরণ করুক। কিন্তু খানিকবাদেই আমি বুঝতে পারলাম যাদের মধ্যে আমরা সচেতনতা তৈরি করতে এসেছি তারা আমার বা রিনির মতো সুখী জীবন যাপন করে না। টেলিভিশন, চলচ্চিত্র তাদের কাছে অনেক কিছু। ফলে সেখানে মিডিয়ার ভূমিকা অনন্য। ” পুরো বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করেন সুস্মিতা।
রিনি অনাথ আশ্রমে গিয়েছিলো মূলত তার মাকে সঙ্গ দিতে। এ প্রসঙ্গে সে জানায়, “আমাদের মা মেয়ের মধ্যে কে বেশি উত্তেজিত ছিলো তা বলা মুশকিল। আমরা দুজনেই অধীর আগ্রহে এই রবিবারটির জন্য অপেক্ষা করছিলাম। আমি ওখানে বাচ্চাদের সঙ্গ দিতে যাইনি, গিয়েছি তাদের সঙ্গ পেতে। বাস্তব জীবনের এই অভিজ্ঞতাটা খুব প্রয়োজন ছিলো আমার। এখন আমার পা মাটিতে থাকবে।”
সেন্ট ক্যাথেরিনসে বাচ্চাদের সঙ্গে কাটানো দিনটি সুস্মিতা এবং রিনি দুজনের জীবনেই একটি অন্যরকম দিন হয়ে থাকবে। দিনটি সম্পর্কে সুস্মিতা বলেন, “ সেখানে আমরা বাচ্চাদের চলচ্চিত্র দেখানোর ব্যবস্থা করেছিলাম, খেলার পুতুল ছাড়াও উপহার ছিলো প্রচুর। আর চকোলেট ছিলো অনেক অনেক। চকোলেটই আসলে তাদের সবচেয়ে বেশী আনন্দ দিয়েছে।”
