বার্লিনের সেরা পুরষ্কারটি জিতে নিল ‘তুয়া’স ম্যারেজ’
চীনা চলচ্চিত্র ‘তুয়া’স ম্যারেজ’ বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান পেল। পরিবেশ এবং মানবসম্পদে কী ধরনের বিপর্যয় ঘটিয়ে দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটছে মঙ্গোলিয় রাখালদের জীবনযাত্রার মধ্য দিয়ে তারই চিত্র তুলে ধরা হয়েছে ওই ছবিতে। উৎসবের সেরা ছবি হিসেবে শনিবার ছবিটি এই গোল্ডেন বিয়ার পুরষ্কার পায়।
চীনের প্রত্যন্ত অঞ্চলের পটভূমিতে চিত্রায়িত এই ছবিতে দেখা যায় গাছ কেটে মরুকরনের ফলে কীভাবে ঐতিহ্যবাহী পেশা ছেড়ে পশুপালকরা জীবিকার সন্ধানে শহর নগরে ছুটে যেতে বাধ্য হচ্ছে। তুয়া’স ম্যারেজের পরিচালক ওয়াং কোনান বলেছেন, “ আমি মনে করে এখনই এই ছবিটা বানানোর প্রকৃষ্ট সময় যখন আমাদের অর্থনীতির ক্ষেত্রে বিস্ফোরণ ঘটছে। এই বিস্ফোরণের ফলে আমরা কী কী হারাচ্ছি সেটা এখনই আমাদের তুলে ধরা উচিত।”
পুরষ্কার নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিচালক আরো বলেন, “এভাবে একবার যদি আমাদের সংস্কৃতি আর ঐতিহ্য হারাতে বসে তাহলে সেগুলি আর কখনো আমরা ফিরে পাবো না।”
“সমস্যার সমাধান করে বা কোন প্রশ্নের জবাব দিয়ে দেয় এরকম ছবি মানেই সেরা ছবি হবে এটা ঠিক নয়। কিন্তু যেসব ছবি সাদামাটাভাবে একটা গুরুতর সমস্যাকে তুলে ধরে, জীবনকে চিত্রায়িত করে তার মতো করেই সেগুলি নিঃসন্দেহে সেরা। এ ধরনের ছবি বানানো থেকে এটাও বোঝা যায়, অন্যরা কীভাবে বেঁচে আছে তা নিয়ে আমরা মাথা ঘামাতে শুরু করেছি।” বলেছেন তিনি।
ছবির কাহিনী অনেকটা এরকম : তুয়া এক মেষপালক কন্যা, তার স্বামী অসুস্থ হয়ে পরলে সে নতুন স্বামীর খোঁজে নামে। তুয়ার ভুমিকায় অভিনয় করেছেন ইউ নান। এই ছবিতে অভিনয়ের জন্য তাকে ঘোড়া চালনা এবং মেষপালনের প্রশিক্ষন নিতে হয়েছে।
ইউ নান বলেছেন, “মঙ্গোলিয়ায় এবারই প্রথম এসেছি। এদের জীবনধারার সাথে মিশে যেতে ৪/৫ মাস সময় লেগেছে আমার। এদের জীবনযাত্রা নিয়ে ছবি করতে পেরে আমি আনন্দিত।”
১০ দিনের এই লাগাতার ছবি প্রদর্শনীর উৎসবে ‘তুয়া’স ম্যারেজ’ ছবিটা সেরা ছবি হিসেবে মনোনীত হওয়ায় সাংবাদিক ও সমালোচকদের অনেকেই চমকিত হয়েছেন। পাশাপাশি হতাশ হয়েছেন উৎসবের ২২টি ছবির মধ্যে যেগুলি খুব ফেবারিট ছির তার একটিও মূল প্রতিযোগিতাতেই আসতে না পারায়।
উৎসবে সেরা পরিচালকের পুরষ্কার পেয়েছেন ‘বিউফোর্ট’ এর জোসেফ সেডার। দক্ষিন লেবাননে শত্র“বেষ্টিত অবস্থায় একদল ইসরায়েলি সৈন্যের আত্মরক্ষার কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি।
সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন ‘ইয়েলা’ ছবির নায়িকা হোস। এই ছবিতে ভুতপূর্ব সমাজতান্ত্রিক দেশ পুর্ব জার্মানি থেকে পালিয়ে আসা এক হতাশ তরুনীর ভূমিকায় অভিনয় করেছেন।
“এবারে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমি তো আশাই করিনি এবারে পুরষ্কার পাবো।” পুরষ্কার পাওয়ার পরে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন হোস। “ কেট ব্লাংশেট আর ম্যারিয়ান ফেইথফুলের মতো অভিনেত্রীদের সাথে প্রতিযোগিতা করে এই পুরষ্কার পাওয়ায় আমি খুবই সম্মানিত বোধ করছি।”
সেরা অভিনয়ের জন্য রৌপ ভল্লুক পেয়েছেন আর্জেন্টিনার জুলিও শ্যাভেজ, ‘দি আদার’ ছবিতে অভিনয়ের জন্য। সমালোচকদের অপছন্দের এই ধীর গতির ছবিটি পরিচালনা করেছেন অ্যারিয়েল রটার।
